ফুটবল তারকাদের মতো চুলের স্টাইল করতে কত সমর্থকেরই না কত আয়োজন! কারও মাথায় রোনালদোর ছাঁট, কারও আবার নেইমারের বাহারি হেয়ারস্টাইল। কিন্তু মাথায় যদি চুলই না থাকে, তাহলে? চিন্তার কিছু নেই! কারণ টাকমাথা দিয়েও যে ফুটবল দুনিয়া শাসন করা যায়, তার প্রমাণ রেখেছেন অনেক কিংবদন্তি। আচ্ছা, কেমন হবে যদি তাঁদের নিয়েই সাজানো হয় বিশ্বসেরা একাদশ? চলুন, দেখে নেওয়া যাক ফুটবলের সেই ‘টাকমাথা মহাতারকাদের’ দল!
গোলবারের নিচে থাকবেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী গোলরক্ষক ফাবিয়েন বার্থেজ। দুর্দান্ত রিফ্লেক্স, সাহসী সিদ্ধান্ত আর গোলপোস্টের নিচে ক্ষিপ্রতার কারণে এই একাদশে তাঁর জায়গা থাকা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ থাকবে না বোধহয়!
রক্ষণভাগের ডান প্রান্তে ফ্রান্সের লিলিয়ান থুরাম। ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাঁর সেই জোড়া গোল এখনো স্মরণীয়। সেন্টার ব্যাকে থাকবেন নেদারল্যান্ডসের ইয়াপ স্টাম। শারীরিক শক্তি, গতি আর প্রতিপক্ষের আক্রমণ আটকে দেওয়ার দক্ষতায় তিনি ছিলেন দুর্দান্ত। তাঁর সঙ্গী ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ফাবিও ক্যানাভারো।

উচ্চতায় খুব বেশি না হলেও পজিশনিং, ট্যাকলিং ও রক্ষণ সামলানোর দক্ষতায় ছিলেন অসাধারণ। ২০০৬ সালে বিশ্বকাপের পাশাপাশি ব্যালন ডি’অরও জেতেন এই ডিফেন্ডার। বাঁ প্রান্তে থাকবেন ব্রাজিলের রবার্তো কার্লোস। গতি, আক্রমণাত্মক ফুটবল আর বাঁ পায়ের ভয়ংকর শটে যিনি ছিলেন প্রতিপক্ষের জন্য এক আতঙ্কের নাম!
মাঝমাঠের দায়িত্বে ফ্রান্সের প্যাট্রিক ভিয়েরা ও এনগোলো কান্তে। ভিয়েরা ছিলেন মাঝমাঠের প্রকৃত যোদ্ধা। বল দখল, প্রতিপক্ষের আক্রমণ থামানো এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় আর্সেনালের অপরাজিত প্রিমিয়ার লিগজয়ী দলের অন্যতম ভরসা ছিলেন তিনি। অন্যদিকে কান্তের পরিচয় তাঁর নিরলস পরিশ্রমে। মাঠের প্রায় প্রতিটি জায়গায় তাঁর উপস্থিতি আর বল কেড়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা তাঁকে আলাদা করেছে। ২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স ও চেলসির সাফল্যে তাঁর অবদানও ছিল গুরুত্বপূর্ণ।
আক্রমণের ডান প্রান্তে নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন। ডান দিক থেকে বল নিয়ে বাঁ পায়ে ভেতরে ঢুকে শট নেওয়াই ছিল তাঁর ট্রেডমার্ক। প্রতিপক্ষের ডিফেন্ডাররা কৌশলটি জানতেন, তবু তাঁকে আটকানো ছিল কঠিন। বায়ার্ন মিউনিখের হয়ে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এই ডাচ তারকা। মাঝখানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকবেন ফ্রান্সের মহাতারকা জিনেদিন জিদান।

বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ, ড্রিবলিং আর নিখুঁত পাসে ম্যাচের চিত্র বদলে দিতে পারতেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে তাঁর জোড়া গোলেই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় ফরাসিরা!
বাঁ প্রান্তে থাকবেন থিয়েরি অঁরি। গতি, ক্ষিপ্রতা আর দুর্দান্ত ফিনিশিংয়ে আর্সেনালের এই কিংবদন্তি ছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগের দুঃস্বপ্ন। আর আক্রমণের কেন্দ্রে ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর ফুটবলে যিনি ছিলেন প্রায় অপ্রতিরোধ্য।
গতি, ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ আর গোল করার সহজাত ক্ষমতায় ডিফেন্ডারদের জন্য আতঙ্কের নাম ছিলেন তিনি। দুইবারের ব্যালন ডি’অরজয়ী এই স্ট্রাইকারকে একাদশে রাখার জন্য বাড়তি যুক্তির প্রয়োজন নেই।

একবার ভাবুন, মাঝমাঠে ভিয়েরা ও কান্তের শক্ত প্রতিরোধ, তাঁদের সামনে জিদানের সৃজনশীলতা। দুই প্রান্তে রোবেন ও অঁরির গতি, আর আক্রমণের কেন্দ্রে রোনালদো নাজারিও।
অন্যদিকে রক্ষণে থুরাম, স্টাম, ক্যানাভারো ও রবার্তো কার্লোস। এমন একাদশের বিপক্ষে খেলতে নামলে যেকোনো প্রতিপক্ষকেই বেশ কঠিন পরীক্ষায় পড়তে হবে।
এবার প্রশ্ন হলো, এই টাকমাথার একাদশের ডাগআউটে থাকবেন কে? খেলোয়াড় সব টাকমাথা, তাহলে কোচের মাথায়ও তো চুল না থাকাই ভালো! দলের সঙ্গে সামঞ্জস্য রাখতে একজন টাকমাথা কোচই বরং বেছে নেওয়া যাক। আর এই পদের জন্য পেপ গার্দিওলার চেয়ে যোগ্য প্রার্থী আর কে হতে পারেন!












