ঢাকার মাঠে লাল-সবুজের জার্সিতে মেসি!

এত বছর দূর দেশের জাদু দেখে আফসোস করেছে যে দেশ, তার নিজের ঘাসেই এখন লাল-সবুজ জার্সি গায়ে বল পায়ে ছুটছে এক কিশোর। রূপকথাটা সম্ভবত সবে শুরু হলো!

বাঁ প্রান্তে বলটা পেয়ে ফারহান আলী ওয়াহিদ যখন ছুটতে শুরু করলেন, শ্রীলঙ্কার ডিফেন্ডাররা বোধহয় ভেবেছিলেন একটু চাপ দিলেই কাজ হবে। কিন্তু হলো না। প্রথমজন পা বাড়িয়ে ফাঁকা জায়গা পেলেন, দ্বিতীয়জন ঝুঁকে পড়লেন ভুল দিকে, তৃতীয়জন পৌঁছানোর আগেই বল সরে গেছে। এভাবে একে একে ছয়জন। ম্যাচে তখন ৫২ মিনিট এর খেলা চলছে, ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারি ততক্ষণে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ছয়জন মিলেও এক কিশোরের গায়ে হাত লাগাতে পারছিলেন না। ডান পায়ের শটটা যখন এল, ডিফেন্ডার রা বোকা বনে গেলেন। বল এক ডিফেন্ডারের পিঠ ছুঁয়ে জালে ঢুকল, আর পাশে দাঁড়িয়ে হামজা চৌধুরী মুখ হাঁ করে তাকিয়ে রইলেন।

এই ছুটে চলা বড় চেনা। বার্সেলোনার ঘাসে এক রোগা, ছোটখাটো ছেলে এভাবেই ডিফেন্ডারদের ভিড় চিরে বেরিয়ে যেত। সে দৌড়াত বলের সঙ্গে নয়, বল কে নিজের করে,দুর্দান্ত ড্রিবলিংয়ে বল যেন তাঁকে পেয়ে ছন্দ খুঁজে পেতো। সেই ছেলেটাই পরে হয়ে উঠলেন সর্বকালের সেরাদের একজন, লিওনেল মেসি। তাঁর পর থেকে যেকোনো দেশের সমর্থকই একবার হলেও মনে মনে চেয়েছেন, ঠিক এমন একজন যদি নিজেদের হতো। যার পায়ে থাকবে জাদু, বুকে থাকবে নিজের দেশের জার্সি।

ফুলহামের একাডেমিতে বড় হওয়া ফারহানের বয়স মাত্র ১৯। বাংলাদেশের হয়ে এটা তাঁর তৃতীয় ম্যাচ, দেশের মাটিতে প্রথম। ইউরোপ আর লাতিন আমেরিকার মাঠে যা দেখে মুগ্ধ হতে হতো টিভির পর্দায়, ঘরের মাঠেই সেটা করে দেখালেন তিনি। চোখধাঁধানো পারফরম্যান্সে ম্যাচ তো জেতালেনই, গ্যালারির বুকে ঢেলে দিলেন এক আকাশ আশা। হয়তো এই ছেলেই একদিন হয়ে উঠবেন দক্ষিণ এশিয়ার মেসি, বাংলাদেশের মেসি।

বিরতিতে কোচ টমাস ডুলি তাঁকে বলেছিলেন, ড্রিবলিংটা নিজেদের বক্সের সামনে নয়, প্রতিপক্ষের বক্সে দেখাতে। সাত মিনিটের মধ্যেই সেই কথার জবাব দিয়েছেন ফারহান। ম্যাচ শেষে সাংবাদিকেরা জানতে চান, গোলটা কোচিং ক্যারিয়ারের সেরা গোলগুলোর একটি কি না। ডুলির উত্তর ছিল, ‘অবশ্যই। তিন-চারজন খেলোয়াড়কে যেভাবে ড্রিবল করে কাটিয়ে গেল, সেটা সত্যিই অসাধারণ।’

ইয়ামালকে লোকে বলে নতুন যুগের মেসি। ফারহানকে তাহলে বলাই যায় দক্ষিণ এশিয়ার মেসি। এই তুলনার ভার সবার কাঁধে সয় না। তবে যে কিশোর ঘরের মাঠে প্রথম রাতেই ড্রিবলিংয়ে ছয়জনকে পেছনে ফেলে দেয়, তাঁর কাঁধ এই ভার নিতে পারবে বলেই মনে হয়। এত বছর দূর দেশের জাদু দেখে আফসোস করেছে যে দেশ, তার নিজের ঘাসেই এখন লাল-সবুজ জার্সি গায়ে বল পায়ে ছুটছে এক কিশোর। রূপকথাটা সম্ভবত সবে শুরু হলো!

 

Share via
Copy link