শমিতের গোলে সূচনা, হামজার নেতৃত্বে আধিপত্য, ফারহানের পায়ে শৈল্পিকতা আর রাকিবের নিখুঁত ফিনিশিং। চার গোলের দাপুটে জয়ে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে লাল সবুজের প্রতিনিধিরা। চতুর্থ মিনিটেই রাকিবের ক্রস। এবার প্রায় বলের নাগাল পেয়েই গিয়েছিলেন হামজা চৌধুরী। তবে তাঁর সামনে প্রাচীর হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার ডিফেন্ডার স্টিভেন। ফিরতি বল পেয়ে রাকিবকে ফাউল করেন প্রতিপক্ষের এক ফুটবলার। বক্সের ঠিক সামনে থেকে পাওয়া ফ্রি কিকে হামজার শট অবশ্য গোলবারের ঠিকানা খুঁজে পায়নি।
অপেক্ষার অবসান ঘটে অষ্টম মিনিটে। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। ঠিকঠাক ক্লিয়ার করতে না পারায় বল লাগে এক ডিফেন্ডারের গায়ে। সেখান থেকে বল চলে আসে শমিতের কাছে। প্রথম শট বাধা পেলেও ফিরতি চেষ্টায় জাল খুঁজে নেন তিনি। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

২৬ মিনিটে আবারও রাকিবের পায়ের জাদু। দুর্দান্ত পাসে হামজাকে খুঁজে নেন তিনি। এবারও গোলের সামনে বাধা হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার এক ডিফেন্ডার। পরে ব্যাক হিলে বল জালে পাঠানোর চেষ্টা করেছিলেন হামজা, কিন্তু লক্ষ্যভেদ করা হয়নি।
প্রথমার্ধের অন্তিম মুহূর্তে আবারও হামজার ঝলক। ৪৩তম মিনিটে ইব্রাহিমের পাস বক্সের বাইরে পেয়ে গতি বাড়ান তিনি। পেছনে ফেলেন শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে। এরপর নেওয়া শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে জড়িয়ে যায় জালে। ব্যবধান ২-০। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোলের দেখা পেলেন হামজা।
দ্বিতীয়ার্ধে অপেক্ষা করছিল আরও বড় বিস্ময়। ৫৩তম মিনিটে ফারহান আলী উপহার দিলেন ম্যাচের অন্যতম দৃষ্টিনন্দন গোল। তিনজনকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে বল পাঠান জালে। শ্রীলঙ্কার ফুটবলাররা তখন কেবল অসহায়ের মতো তাকিয়ে ছিলেন।

৮৩ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ তৈরি করেন শুকি ইতফুসা। বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া দুর্দান্ত শট বাঁ দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন সুজন পেরেরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের অন্যতম কারিগর ছিলেন রাকিব। একের পর এক দুর্দান্ত ক্রস বাড়িয়েছেন, সেই রাকিবই ম্যাচের শেষের দিকে হয়ে উঠলেন গোলের নায়ক। চমৎকার এক চিপে তাঁর মাথার ওপর দিয়ে বল জালে জড়ান রাকিব। অসাধারণ ফিনিশিংয়ে শ্রীলঙ্কার জালে পূর্ণ হয় বাংলাদেশের গোলের চতুষ্টয়।
এবার বাংলাদেশের সামনে সেমিফাইনালের নতুন চ্যালেঞ্জ। আগামী ১৪ তারিখ প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে সাফ অভিযান শেষ হলো শ্রীলঙ্কার।












