হেনরির জাদুকরী ওভারে রোহিত-কোহলি-শ্রেয়াসের ডাক!

ভারতের জন্য এটা দুঃস্বপ্নের চেয়েও খারাপ কিছু, কারণ এমন দুঃস্বপ্ন তারা হয়তো কল্পনাতেও আনেনি।

শূন্য রানে তিন উইকেট! বে ওভালে নিউজিল্যান্ডের ৩৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধসে পড়ল ভারত। ভারতের বিপক্ষে এমন শুরু যেকোনো দল বা বোলারের কাছে আকাশকুসুম কল্পনার মতো, আর ম্যাট হেনরি সেটাই করে দেখালেন। রোহিত শর্মা, বিরাট কোহলি আর শ্রেয়াস আইয়ার তিনজনই ফিরলেন শূন্য রানে, ওভারটা হলো উইকেট মেইডেন। ভারতের জন্য এটা দুঃস্বপ্নের চেয়েও খারাপ কিছু, কারণ এমন দুঃস্বপ্ন তারা হয়তো কল্পনাতেও আনেনি।

বড় লক্ষ্যের সামনে স্বাভাবিকভাবেই বড় রানের পরিকল্পনা নিয়ে নেমেছিল ভারত, কিন্তু প্রথম বলেই সেটা এলোমেলো হয়ে গেল। ফুল লেংথের একটু পেছনে পড়া বলে বাড়তি বাউন্স আর সিম মুভমেন্ট পেয়ে রোহিত খেলতে বাধ্য হলেন, ব্যাটের কানায় লেগে বল গেল প্রথম স্লিপে ফিন অ্যালেনের হাতে। গোল্ডেন ডাক নিয়ে ফিরলেন ওপেনার।

এরপর কোহলিকে রীতিমতো পরীক্ষায় ফেললেন হেনরি। একটা বলে বিট করলেন, আরেকটায় ডিফেন্সে ভয় ধরালেন। পঞ্চম বলে ভেতরে ঢোকানো ডেলিভারি নিচু হয়ে ব্যাট আর প্যাডের ফাঁক গলে সোজা স্টাম্পে। চার বল খেলে খালি হাতে ফিরলেন কোহলি।

পরিসংখ্যানটাও অদ্ভুত। ২০১০ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে একই ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত আর কোহলি, তারপর এই প্রথম।

ওভারের শেষ বলে এল তৃতীয় আঘাত। ভেতরে ঢোকা বল শ্রেয়াসের ব্যাটের নিচ দিয়ে গিয়ে লাগল পেছনের পায়ে। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেননি, কিন্তু রিভিউ নিল নিউজিল্যান্ড। রিপ্লেতে ব্যাট আর প্যাডের মাঝে স্পষ্ট ফাঁক, তবে বল পায়ে লাগার উচ্চতাটা নিয়ে ছিল একটু সংশয়। অপেক্ষা শেষে বল ট্র্যাকিংয়ে ভেসে উঠল তিনটাই লাল, বল সোজা মিডল স্টাম্পে।

অধিনায়ক হিসেবে নেমেই গোল্ডেন ডাক শ্রেয়াসের, আর হেনরির হাতে ততক্ষণে লেখা হয়ে গেছে ভারতীয় ক্রিকেটের এক বিরল ওভার।

Share via
Copy link