সর্বশেষ সিরিজ হারের ক্ষত না শুকাতেই বাংলাদেশকে যেতে হয়েছে সেই দেশে, যেখানে আটটি টেস্ট খেলে আটটিতেই হেরেছে। সঙ্গে নেই চোটে ছিটকে যাওয়া ওপেনার সাদমান ইসলাম, ইনজুরিতে দীর্ঘদিন ধরেই বাইরে নাহিদ রানা আর সামনে দাঁড়িয়ে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, সদ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে যারা বর্তমানে র্যাঙ্কিংয়ের এক নম্বরে।
১৫ নভেম্বর, রোববার জোহানেসবার্গে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজ। কাগজে-কলমে অসম লড়াই, তবু বাংলাদেশের জন্য এটাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকার শেষ বড় সুযোগ।
ফাইনালে যাবে কেবল শীর্ষ দুই দল, আর সেই জায়গা থেকে বাংলাদেশ এখন বেশ পেছনে। টেস্টে জিতলে মেলে ১২ পয়েন্ট, ড্র করলে ৪, হারলে শূন্য। দক্ষিণ আফ্রিকার দুই টেস্ট শেষে বাংলাদেশের খেলা হবে ১০টি, আর পাওয়ার মতো সর্বোচ্চ পয়েন্ট ১২০। এখন আছে ৪৪। দুটি টেস্টই জিতলে পয়েন্ট হবে ৬৮, শতাংশে ৫৬.৬৭। একটি জিতে একটি হারলে পয়েন্ট ৫৬, শতাংশ ৪৬.৬৭। দুটি ড্র হলে পয়েন্ট ৫২, শতাংশ ৪৩.৩৩।

দুটিতেই হারলে পয়েন্ট ৪৪-এই আটকে থাকবে, শতাংশ নেমে যাবে ৩৬.৬৭-এ। তখন ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ জিতেও শীর্ষ দুইয়ে ওঠার হিসাব মেলানো প্রায় অসম্ভব। অর্থাৎ ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প নেই।
কাজটা কঠিন, কারণ প্রতিপক্ষ এখন সবচেয়ে সেরা ফর্মে। এনরিখ নরকিয়া, টনি ডি জর্জি ও জুবায়ের হামজা চোট কাটিয়ে ফিরেছেন, সাউথ আফ্রিকান কন্ডিশনের উইকেটে প্রোটিয়া পেসারদের সামলানো যেকোনো ব্যাটিং লাইনআপের জন্যই পরীক্ষা। টেস্টে এই দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ কখনো হারাতেও পারেনি, ভারতের পর এটাই দ্বিতীয় দল।
তবে দেয়ালে পিঠ ঠেকলে বাংলাদেশ কী করতে পারে, তার প্রমাণ আগস্টের ডারউইনে আছে। ম্যাচের কয়েক দিন আগে প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে গুটিয়ে যাওয়া দলটাই ৪২৬ রান তুলে পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে সেটাই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। কিন্তু এরপরের সিরিজ গুলোতো সেই ধার দেখা যায়নি। এক সফরে ইতিহাস, পরের সিরিজে হার, বাংলাদেশের টেস্ট ক্রিকেট এখনো এভাবেই দুলছে।

সিরিজের বড় প্রশ্ন ব্যাটিং। ডারউইনে ওপেনার তানজিদ হাসান করেছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছিলেন ৮৪। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুজনই ম্লান। মিরপুরে শান্তর রান ১৯ ও ১০, সিলেটের দ্বিতীয় ইনিংসে ১৪। সিলেটে তানজিদ করেছেন ১৬ ও ২১। শান্ত অবশ্য তানজিদের আগ্রাসী ব্যাটিংয়ের পাশে দাঁড়িয়ে বলেছেন, তরুণ এই ব্যাটারের নিজের খেলা ছাড়ার দরকার নেই। তবে বাউন্সি উইকেটে সেই আগ্রাসনের দাম কত, সেটাও দেখার বিষয়। সাদমানের জায়গায় ওপেনিংয়ের অন্য প্রান্ত নিয়েও ধোঁয়াশা। ফিরেছেন নাঈম শেখ, প্রথমবার ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম। জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচে ৬৭২ রান করা এই ব্যাটারকে নেওয়া হয়েছে একজন ডানহাতি ওপেনারের খোঁজে।
মিডল অর্ডারে সমস্যা টা অনেকটাই মধুর যন্ত্রনা, সবাই ভালো ফর্মে আছেন। তাওহীদ হৃদয় সিলেটে করেছেন অপরাজিত ২৪২, যা বাংলাদেশি ব্যাটারের টেস্টে সর্বোচ্চ, ম্যাচে মোট ৩২৪ রান। মুশফিকুর রহিম পেরিয়েছেন ৭ হাজার টেস্ট রান, প্রথম বাংলাদেশি হিসেবে। মুমিনুল ফেরায় তিনজনকেই একাদশে রাখা এবং ওপেনার, উইকেটরক্ষকের সঙ্গে মিলিয়ে ভারসাম্য ঠিক রাখা টিম ম্যানেজমেন্টের জন্য বড় ধাঁধা।
দক্ষিণ আফ্রিকার উইকেট পেসারদের স্বর্গ বলেই পরিচিত। দলে রাখা হয়েছে পাঁচ পেসার, হাসান মাহমুদ আছেন দারুণ ছন্দে। ডারউইনে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫৫ রানে ৬ উইকেট, সিলেটে ৯০ রানে ৬। এটা তাঁর টেস্টে পঞ্চম পাঁচ উইকেট, কোনো বাংলাদেশি পেসারের মধ্যে যা সর্বোচ্চ। তাসকিনের গতি আর শরিফুলের বৈচিত্র্য মিললে প্রোটিয়া টপ অর্ডারকে চাপে ফেলা অসম্ভব নয়।

কোচিং প্যানেলেও বদল এসেছে। ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়েছেন ডেল বেঙ্কেনস্টাইন, যিনি ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ছিলেন। সহকারী কোচ মা মালিবংওয়ে মাকেতা অক্টোবরে বাংলাদেশের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন, তিনিও ওই সময়ে প্রোটিয়াদের সহকারী কোচ ছিলেন। নিজের দেশের মাটিতে প্রতিপক্ষ হয়ে ফেরা দুজনের জন্যই আলাদা পরীক্ষা, আবার বাংলাদেশের জন্য বাড়তি সুবিধাও।
ডারউইন দেখিয়েছে, বাংলাদেশ পারে। সিলেট দেখিয়েছে, ধারাবাহিকতার জায়গাটা এখনো অসম্পুর্ণ। এক ম্যাচের হিসেবে সিরিজ জেতা যায় না, আবার দুই ম্যাচের লড়াই ছাড়া ফাইনালের হিসাবও মেলে না। প্রশ্ন তাই একটাই জোহানেসবার্গ আর সেঞ্চুরিয়নে কি সেই ডারউইনের বাংলাদেশকে আবার দেখা যাবে?










