অভিষেকে অনন্য কীর্তি ৩১ বছরের সাকিবের খানের!

টেস্ট ক্রিকেটে অভিষেকের প্রথম ইনিংসেই সাত উইকেট! এমন কীর্তি গড়তে পেরেছেন পাকিস্তানের ইতিহাসে মাত্র চারজন বোলার। এবার সেই বিরল তালিকায় নিজের নাম লেখালেন ৩১ বছর বয়সী সাকিব খান। যে বয়সে অনেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্তগামী সূর্যের ছায়া পড়ে, সেই বয়সেই লাল বলের ক্রিকেটে আবির্ভাব তাঁর। আর অভিষেকেই এমন এক দাপুটে পারফরম্যান্স, যা তাঁকে জায়গা করে দিয়েছে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের বিশেষ এক পাতায়।

টেস্ট ক্রিকেটে অভিষেকের প্রথম ইনিংসেই সাত উইকেট! এমন কীর্তি গড়তে পেরেছেন পাকিস্তানের ইতিহাসে মাত্র চারজন বোলার। এবার সেই বিরল তালিকায় নিজের নাম লেখালেন ৩১ বছর বয়সী সাকিব খান। যে বয়সে অনেক ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্তগামী সূর্যের ছায়া পড়ে, সেই বয়সেই লাল বলের ক্রিকেটে আবির্ভাব তাঁর। আর অভিষেকেই এমন এক দাপুটে পারফরম্যান্স, যা তাঁকে জায়গা করে দিয়েছে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের বিশেষ এক পাতায়।

তবে এই সাত উইকেটের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ অপেক্ষার গল্প। সাকিবের ক্রিকেটীয় যাত্রার শুরুটাও ছিল খানিকটা ভিন্ন। ছোটবেলায় টেবিল টেনিসের প্রতি আগ্রহ থাকলেও মাঝেমধ্যে খেলতেন হার্ডবল ক্রিকেট। পরবর্তী সময়ে বাবার অনুপ্রেরণায় ক্রিকেটের প্রতি ঝোঁক বাড়ে তাঁর। বড় ভাই বিলাল নাঈমও হয়ে ওঠেন পথচলার অন্যতম সহযাত্রী। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর পর সাকিবের এই অর্জনে আবেগ সামলাতে পারেননি তাঁর মা-বাবা। ছেলের সাফল্যে দুজনের চোখেই এসেছিল আনন্দাশ্রু।

ঘরোয়া ক্রিকেটের দীর্ঘ পরিক্রমায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে গেছেন সাকিব। করাচি অঞ্চলের হয়ে খেলার পাশাপাশি ২০২৫-২৬ মৌসুমের কায়েদে আজম ট্রফিতে করাচি ব্লুজের হয়ে ৯ ম্যাচে শিকার করেন ৪৭ উইকেট। একটি ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তিও গড়েছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে এমন ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে নিয়ে আসে নির্বাচকদের নজরে। অবশেষে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে মেলে বহু আকাঙ্ক্ষিত অভিষেকের সুযোগ। আর প্রথম সুযোগেই বুঝিয়ে দেন, এতদিনের অপেক্ষা বৃথা যায়নি।

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে বল হাতে আবির্ভাব ঘটে এক বিধ্বংসী সাকিবের। আগের দিন ৪০৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ শক্ত অবস্থানেই দিন শেষ করেছিল লঙ্কানরা। ক্রিজে তখন দুই শতকের মালিক ধানাঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক কুশাল মেন্ডিস। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটি পাকিস্তানের বোলিং আক্রমণকে কার্যত কোণঠাসা করে রেখেছিল। কিন্তু দিনের শুরুর ওভারেই সেই দুর্গ ভেঙে দেন এই পাকিস্তানি পেসার!

একের পর এক উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার প্রতিরোধের ভিত নাড়িয়ে দেন সাকিব। দুই সেঞ্চুরিয়ানের পাশাপাশি দিনেশ চান্দিমাল, লাহিরু উদারা, সোনাল দিনুশা, লাহিরু কুমারা ও আসিথা ফার্নান্দোও পরিণত হন তাঁর শিকারে।

ফলে ৪০৪ রানে ৪ উইকেট থেকে শ্রীলঙ্কার ইনিংস থামে ৪৪৬ রানে। শেষ ছয় উইকেটের পতন ঘটে মাত্র ৪২ রানের ব্যবধানে। ৩৪ ওভারের স্পেলে ১৩০ রান খরচায় ৭ উইকেট তুলে নেন সাকিব। অভিষেকেই এমন আগ্রাসী বোলিংয়ে রীতিমতো স্তম্ভিত করে দেন লঙ্কান ব্যাটিং লাইনআপকে।

বয়সের বেড়াজাল ভেঙে অভিষেকেই সাত উইকেটের বিস্ময় উপহার দিয়েছেন সাকিব। তবে এই আগমন কি কেবলই এক ম্যাচের ঝলক, নাকি লাল বলের ক্রিকেটে আরও বড় কোনো গল্পের সূচনা? সেটাই বরং এখন দেখার পালা!

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link