মুশফিকুর রহিমের কথা চিন্তা করে আটজন ব্যাটার নিয়ে খেলেছে বাংলাদেশ, একজন বোলার কম থাকার খেসারতও দিতে হয়েছে হাড়ে হাড়ে। লিটন দাসকে ঠেলে পাঠানো হয়েছে সাত নম্বরে, সেটা মুশফিকের কারণেই। এতকিছুর পরও প্রতিদানে মুশফিক কি কিছু দিতে পারলেন? সরাসরি উত্তর, একেবারেই না।
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। ১০০-এর বেশি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা। তবে এতকিছু শুধু পরিসংখ্যানের পাতাতেই আটকে থাকবে যদি না মাঠে সেগুলো কাজে লাগে। মুশফিক এই জায়গাটাতেই ফেইল করছেন প্রতিনিয়ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টেও বজায় থাকল একই চিত্র।
বাংলাদেশের সামনে একটাই পথ খোলা ছিল। যেকোনো মূল্যে ম্যাচ বাঁচানো। ৮৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা ছিল। লিটন দাসের সাথে সেখানে মুশফিকের দায়িত্ব ছিল সেটাকে এড়ানো। তবে ৩৯ রানে লিটন ফিরে গেলে সব দায়িত্ব এসে পড়ে মুশফিকুর রহিমের কাঁধে।

এই সময় টিকে থাকায় সর্বোৎকৃষ্ট পন্থা। তবে মুশফিক নিজের উইকেটটাকেই বিলিয়ে দিয়ে এলেন। ডাউন দ্য ট্র্যাকে এসে ডিফেন্স করতে গিয়ে ফিরলেন সাজঘরে। দলের ঘোরতর বিপদের সময়ে এর থেকে বাজেভাবে বোধহয় আউট হওয়া যায় না।
বাংলাদেশ মুশফিককে একাদশের বাইরে রাখবে না বলে একজন বোলার কমিয়ে মাঠে নেমেছিল। মূলত তাঁর লড়াইটা তাওহীদ হৃদয়ের সাথে। অতিমানবীয় ডাবল সেঞ্চুরি করার পর থেকে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় মুশফিককে ছাড়িয়ে গেছেন তিনি। অর্থাৎ ওই রোলটা হৃদয়ের। তবে সিনিয়র তকমার মান দিতে গিয়ে একাদশে মুশফিককে ভেড়াতেই হয়েছে। সেটা চরম মূল্য দিয়ে হলেও।
প্রথম ইনিংসে গোল্ডেন ডাক, দ্বিতীয় ইনিংসে ২২। মুশফিক যেভাবে টেস্ট ক্রিকেট খেলছেন, সেটা দিয়ে আর যাই হোক ম্যাচ জেতা যায় না। তবে একটা কারণেই তাঁকে রাখা বা বিবেচনা করা যায়, সেটা কেবলই ম্যাচ বাঁচানো। সেটাও যে পারলেন না। অপারগতার ষোলোকলা পূর্ণ করে এভাবে আর কতদিন টিকে থাকবেন দলে? উত্তরটা অজানা।











