একজনের ব্যাটে ৮০৪ রানের পাহাড়, আরেকজনের সংগ্রহ ৬৯৭। অন্যদিকে, মাত্র পাঁচ ম্যাচ খেলেই ৬৭২ রান তুলে জাতীয় দলে তৃতীয়জন। সদ্য সমাপ্ত এনসিএল ২০২৬-২৭ মৌসুমে ব্যাট হাতে এমনই দাপট দেখিয়েছেন মিম মোসাদ্দেক, সাদিকুর রহমান ও মাহফিজুল ইসলাম রবিন। রানসংগ্রাহকদের তালিকার প্রথম তিনটি জায়গা নিজেদের করে নিয়ে তাঁরা নিজেদের সামর্থ্যের প্রমাণ যেমন দিলেন, তেমনি নির্বাচকদেরও যেন বলে দিলেন, ঠুকে রেখো মোদের নাম!
সবার ওপরে মিম মোসাদ্দেক। সাত ম্যাচে ১৪ ইনিংসে তাঁর সংগ্রহ ৮০৪ রান। সর্বোচ্চ ইনিংস ১৫৭, ব্যাটিং গড় ৫৭.৪২। পুরো আসরে তিনটি সেঞ্চুরির পাশাপাশি পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন রংপুর বিভাগের এই ব্যাটার। ধারাবাহিকতা আর বড় ইনিংস খেলার সামর্থ্য, দুইয়ের সমন্বয়েই এবারের আসরে হয়ে উঠেছিলেন প্রতিপক্ষ বোলারদের অন্যতম বড় দুশ্চিন্তার নাম। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন টুর্নামেন্টসেরার পুরস্কারও!
দ্বিতীয় স্থানে থাকা সাদিকুর রহমানের সংগ্রহ ৬৯৭ রান। সাত ম্যাচে ১০ ইনিংস ব্যাট করে ৬৯.৭০ গড়ে রান করেছেন চট্টগ্রাম বিভাগের এই ক্রিকেটার। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১৪৯। রানসংখ্যায় মিমের পেছনে থাকলেও ব্যাটিং গড়ের হিসাবে এগিয়ে সাদিকুর।

তবে এবারের আসরের অন্যতম বড় চমক মাহফিজুল ইসলাম রবিন। পাঁচ ম্যাচে ১০ ইনিংসেই করেছেন ৬৭২ রান। ৭৪.৬৭ ব্যাটিং গড়, তিনটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৭ রান। কম ম্যাচ খেলেও রানসংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে উঠে আসা রবিন বুঝিয়ে দিয়েছেন, বড় ইনিংস খেলার ক্ষুধা এবং সামর্থ্য দুটোই রয়েছে তাঁর মধ্যে।
রবিনের সেই পারফরম্যান্সের রিওয়ার্ডও মিলেছে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের দলে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকা এই তরুণ ব্যাটারের সামনে এখন নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রমাণের সুযোগ। এনসিএলে যে ঝলক দেখিয়েছেন, সেটি জাতীয় দলের জার্সিতেও ধরে রাখতে পারলে বাংলাদেশের ক্রিকেটের জন্য তা হবে দারুণ এক প্রাপ্তি।
রবিনের এই সুযোগ অন্যদের জন্যও হতে পারে বড় অনুপ্রেরণা। মিম মোসাদ্দেক ও সাদিকুর রহমানের মতো পারফর্মারদের সামনেও জাতীয় দলের দরজা খুলে যেতে পারে।

এবারেএ আসরে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। পুরো আসরে এসেছে ৪৯টি সেঞ্চুরি, যেখানে আগের আসরে সংখ্যাটি ছিল ৩৪। এক মৌসুমের ব্যবধানে শতকের সংখ্যা বেড়েছে ১৫টি।











