২০২৬ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো মহাতারকারা জাতীয় দলের জার্সিতে আর মাতাবেন না সবুজ গালিচা, তবে প্রজন্মের স্মৃতিপটে তাঁরা অমলিন। সময়ের পরিক্রমায় বুটজোড়া তুলে রাখলেও তাঁদের কীর্তিগাথা হারানোর নয়। কল্পনার ক্যানভাসে সেই কিংবদন্তিদের এক সুতোয় গাঁথলে কেমন দাঁড়াবে স্বপ্নের একাদশ? চলুন, সাজিয়ে ফেলা যাক একখানা বিদায়ী একাদশ!
গোলবারের অতন্দ্র প্রহরী হিসেবে থাকবেন বিশ্বকাপজয়ী জার্মান কিপার ম্যানুয়েল নয়্যার। আধুনিক গোলকিপিংয়ের সংজ্ঞাটাই যেন নতুন করে লিখেছিলেন জার্মান এই কিংবদন্তি।
শুধু পোস্টের নিচে দাঁড়িয়ে গোল ঠেকানো নয়, প্রয়োজনে ডিফেন্সের অনেকটা সামনে উঠে এসে দলের আক্রমণ গড়ার কাজেও ছিলেন সিদ্ধহস্ত।

রক্ষণভাগে থাকছেন নিকোলাস ওতামেন্দি, আন্তোনিও রুডিগার ও কাইল ওয়াকার। তিনজনের খেলার ধরন আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, প্রতিপক্ষের আক্রমণকে শুরুতেই থামিয়ে দেওয়া। ওতামেন্দির লড়াকু মানসিকতা, রুডিগারের শারীরিক সক্ষমতা আর ওয়াকারের অবিশ্বাস্য গতি মিলে তৈরি হতে পারে দুর্ভেদ্য এক ডিফেন্স লাইন। এই তিনজনের সামনে দিয়ে গোলের রাস্তা খুঁজে পাওয়া যে সহজ হবে না, তা বলাই যায়।
মিডফিল্ডে থাকবেন জেমস রদ্রিগেজ ও আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আনগিসা। একজনের পায়ে রয়েছে নিখুঁত পাসিং আর চোখধাঁধানো ক্রিয়েটিভিটি, অন্যজনের শক্তি ও পরিশ্রমে জমে ওঠে মাঝমাঠের লড়াই। জেমসের সেই বাঁ পায়ের জাদু আর আনগিসার বল দখলে রাখার ক্ষমতা দলকে দিতে পারে দারুণ ভারসাম্য।
তবে এই একাদশের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে আক্রমণভাগ। নেইমার জুনিয়র, লিওনেল মেসি, রিয়াদ মাহরেজ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকু। নামগুলো উচ্চারণ করলেই যেন চোখের সামনে ভেসে ওঠে অসংখ্য স্মরণীয় মুহূর্ত। নেইমারের স্কিল, মেসির জাদুকরি ড্রিবলিং, মাহরেজের বাঁ পায়ের কারুকাজ, রোনালদোর গোলক্ষুধা আর লুকাকুর ক্ষিপ্রতা। যেকোনো প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য এক দুঃস্বপ্নের নাম।

মেসি ও রোনালদোকে একই জার্সিতে, একই একাদশে দেখার আকাঙ্ক্ষা ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের। দুই ভিন্ন ঘরানার দুই মহাতারকা, অথচ প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁদের অবস্থান। একজনের পায়ের জাদুতে ফুটবল হয়ে উঠেছে শিল্পের ক্যানভাস, অন্যজনের অদম্য উচ্চাকাঙ্ক্ষা ও গোলক্ষুধা ফুটবলকে দিয়েছে অন্য এক সংজ্ঞা। তাঁদের ঐতিহাসিক দ্বৈরথ হয়ে উঠেছিল একটি প্রজন্মের ফুটবলীয় আবেগের নাম। সেই দুই মহিরুহের পাশে নেইমার, মাহরেজ কিংবা লুকাকুর মতো তারকাদের উপস্থিতি এই একাদশকে দিয়েছে এক অনন্য মাত্রা।
সব মিলিয়ে বিদায়ী একাদশ দাঁড়াচ্ছে: ম্যানুয়েল নয়্যার (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, আন্তোনিও রুডিগার, কাইল ওয়াকার, জেমস রদ্রিগেজ, আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আনগিসা, নেইমার জুনিয়র, লিওনেল মেসি (অধিনায়ক), রিয়াদ মাহরেজ, ক্রিশ্চিয়ানো রোনালদো, রোমেলু লুকাকু।











