একটি বই কি আবারও নাড়িয়ে দিতে পারে আট বছর আগের ক্রিকেটের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়? পারে বৈকি! উসমান খাজার আত্মজীবনী ঘিরে নতুন করে উত্তপ্ত ক্রিকেট বিশ্ব। ২০১৮ সালের সেই আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ কাণ্ড আট বছর পরে সামনে আনার বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এবার সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ফানি ডি ভিলিয়ার্স। খাজাকে সরাসরি ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে তাঁর প্রশ্ন, এত বছর পর চাপা পড়ে যাওয়া বিতর্ক আবার সামনে আনার কী প্রয়োজন ছিল?
সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী ‘সাবর’-এ খাজা দাবি করেন, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনা অস্ট্রেলিয়া দলের অনেকেই জানতেন। বিষয়টি কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার কিংবা ক্যামেরন ব্যানক্রফটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দলের ভেতরে আরও অনেকের বিষয়টি জানা ছিল বলে উল্লেখ করেছেন তিনি। খাজার এই বক্তব্য তাই স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন তুলেছে, স্যান্ডপেপারগেটের ঘটনায় কি কেবল তিন ক্রিকেটারই দায়ী ছিলেন, নাকি দায়টা আরও বিস্তৃত ছিল?
তবে খাজার এমন বক্তব্যকে মোটেও ভালোভাবে নেননি ডি ভিলিয়ার্স। তাঁর মতে, অস্ট্রেলিয়া ইতোমধ্যে এই ঘটনার যথেষ্ট মূল্য দিয়েছে। তিন ক্রিকেটারের শাস্তি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং গোটা ক্রিকেট বিশ্বের সমালোচনা, সবকিছুর মধ্য দিয়েই দলটি গেছে। এরপরও পুরোনো ঘটনা নতুন করে সামনে আনার কোনো যৌক্তিকতা দেখেন না তিনি।

বরং খাজার উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন ডি ভিলিয়ার্স। তাঁর অভিযোগ, বই বিক্রির স্বার্থেই পুরোনো বিতর্ককে আবার আলোচনায় এনেছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তাঁকে ‘ট্রেইটর’ ও ‘দেশদ্রোহী’ বলতেও ছাড়েননি সাবেক এই প্রোটিয়া। এমনকি খাজা যদি দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমের কেউ হতেন, তাহলে সতীর্থদের অজান্তে এভাবে মুখ খোলার কারণে গোটা ক্রিকেটাঙ্গনেই অজনপ্রিয় হয়ে উঠতেন বলে মন্তব্য করেছেন তিনি।
মজার ব্যাপার হলো, আট বছর আগের সেই স্যান্ডপেপারগেট কাণ্ড সামনে আসার পেছনে ডি ভিলিয়ার্সের নিজেরই ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৮ সালের কেপ টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মাত্র ২৩ থেকে ২৭ ওভারের মধ্যে রিভার্স সুইং পাওয়া তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছিল। কারণ, দক্ষিণ আফ্রিকার উইকেটে এত দ্রুত বল রিভার্স সুইং করাটা প্রায় অসম্ভব বলেই মনে করতেন তিনি।
সন্দেহ থেকেই টেলিভিশন ক্যামেরাপার্সনদের সতর্ক করেছিলেন ডি ভিলিয়ার্স। বলেছিলেন, অস্ট্রেলিয়ানদের গতিবিধির ওপর যেন ভালোভাবে নজর রাখা হয়। এরপর প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর ক্যামেরায় ধরা পড়ে ক্যামেরন ব্যানক্রফটের সিরিশ কাগজ ব্যবহারের ঘটনা। মুহূর্তেই বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে পড়ে ‘স্যান্ডপেপারগেট’ নামের সেই কেলেঙ্কারি।

তবে বল টেম্পারিংয়ের সব কৌশলকেই একই চোখে দেখেন না ডি ভিলিয়ার্স। তাঁর মতে, ঘাম কিংবা থুতু দিয়ে বলের এক পাশ চকচকে রাখা এবং রিভার্স সুইং আদায়ের প্রচলিত কৌশল এক বিষয়, আর বাইরের কোনো পদার্থ ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাঁর সময়ে বল ভিজিয়ে রিভার্স সুইং আদায়ের প্রচলন ছিল বলেও জানিয়েছেন তিনি।
ডি ভিলিয়ার্সের মতে, স্যান্ডপেপারগেট অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য যথেষ্ট শিক্ষা ছিল। এরপর আম্পায়ারদের সতর্কতা বেড়েছে, ক্রিকেটের ব্যবস্থাপনাতেও এসেছে পরিবর্তন। তাই খাজার নতুন করে পুরোনো বিতর্ক সামনে আনা মানে ক্ষত শুকাতে না দিয়ে আবার খুঁচিয়ে তোলা। আর পুরো ঘটনায় খাজার ভূমিকা নিয়ে ডি ভিলিয়ার্সের অবস্থান সোজাসাপ্টা, ভিলিয়ার্সের চোখে তিনি কেবলই একজন বিশ্বাসঘাতক!











