দীর্ঘকেশে নন্দিত ফুটবল একাদশ!

যে রাঁধে, সে চুলও বাঁধে। এই প্রবাদটির সঙ্গে পরিচিত আমরা সবাই। তবে লম্বা চুলের ফুটবলারদের ক্ষেত্রে প্রবাদটা একটু পাল্টে গেলে কেমন হয়? যে ফুটবল খেলে, সে চুলও সামলায়! মাঠে বল পায়ে যেমন তাঁদের কারিকুরি, তেমনি দীর্ঘকেশেও রয়েছে আলাদা স্টাইল। কারও চুলে নান্দনিকতার ছোঁয়া, কারও আবার চুলের বাহারেই আলাদা পরিচিতি। তবে শুধু চুলের সৌন্দর্য নয়, সবুজ গালিচায় নিজেদের ফুটবলীয় দক্ষতা, নৈপুণ্য আর ব্যক্তিত্ব দিয়েও তাঁরা জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

যে রাঁধে, সে চুলও বাঁধে। এই প্রবাদটির সঙ্গে পরিচিত আমরা সবাই। তবে লম্বা চুলের ফুটবলারদের ক্ষেত্রে প্রবাদটা একটু পাল্টে গেলে কেমন হয়? যে ফুটবল খেলে, সে চুলও সামলায়!

মাঠে বল পায়ে যেমন তাঁদের কারিকুরি, তেমনি দীর্ঘকেশেও রয়েছে আলাদা স্টাইল। কারও চুলে নান্দনিকতার ছোঁয়া, কারও আবার চুলের বাহারেই আলাদা পরিচিতি। তবে শুধু চুলের সৌন্দর্য নয়, সবুজ গালিচায় নিজেদের ফুটবলীয় দক্ষতা, নৈপুণ্য আর ব্যক্তিত্ব দিয়েও তাঁরা জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়।

তাহলে কেমন হয়, যদি এই দীর্ঘকেশী ফুটবলারদের নিয়েই সাজিয়ে ফেলা যায় একখানা সেরা একাদশ? চলুন, ফুটবলীয় সামর্থ্য আর চুলের বৈচিত্র্য মিলিয়ে সাজিয়ে নিই ফুটবল দুনিয়ার এক দুর্ধর্ষ দীর্ঘকেশী একাদশ।

গোলপোস্টের নিচে থাকবেন কলম্বিয়ান কিংবদন্তি রেনে হিগুইতা। নব্বইয়ের দশকে গোলরক্ষকের প্রচলিত সংজ্ঞাটাই যেন নতুন করে লিখেছিলেন তিনি। মাথাভর্তি কোঁকড়া চুল, গোঁফ আর দুঃসাহসী গোলকিপিংয়ের জন্য আলাদা পরিচিতি ছিল তাঁর। শুধু পোস্ট আগলে রাখাই নয়, বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করা, সতীর্থদের সঙ্গে পাস বিনিময় কিংবা আক্রমণ গড়ে তোলাতেও ছিল তাঁর আগ্রহ। আধুনিক ফুটবলের ভাষায় যাকে বলা হয় সুইপার কিপার। আর ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সেই বিখ্যাত ‘স্করপিয়ন কিক’ আজও ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর মুহূর্ত।

রক্ষণভাগের বাঁ প্রান্তে থাকছেন ব্রাজিলিয়ান জাদুকর মার্সেলো। রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁর বাঁ পায়ের কারিকুরি, নিখুঁত ক্রস, ড্রিবলিং আর আক্রমণে উঠে যাওয়ার প্রবণতা তাঁকে করে তুলেছিল সময়ের অন্যতম সেরা অ্যাটাকিং লেফটব্যাক। মাঠে যেমন তাঁর চুলের ঢেউ, তেমনি প্রতিপক্ষের রক্ষণে ঢেউ তুলত তাঁর পায়ের জাদু।

সেন্টারব্যাক জুটিতে থাকছেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি ও স্প্যানিশ যোদ্ধা কার্লেস পুয়োল। মালদিনির লম্বা চুলের সঙ্গে তাঁর রক্ষণাত্মক প্রজ্ঞার যেন দারুণ এক মেলবন্ধন। পজিশনিং, টাইমিং, ট্যাকলিং কিংবা প্রতিপক্ষের গতিবিধি আগেভাগে বুঝে নেওয়া, সবকিছুতেই ছিলেন অনন্য। তাঁর সবচেয়ে বড় শক্তি ছিল অপ্রয়োজনীয় ট্যাকল ছাড়াই প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করে দেওয়া।

অন্যদিকে, পুয়োল ছিলেন রক্ষণভাগের অকুতোভয় সেনাপতি। এলোমেলো দীর্ঘ চুল, আগ্রাসী মনোভাব আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা তাঁকে বার্সেলোনা ও স্পেনের সমর্থকদের কাছে করে তুলেছিল ভীষণ প্রিয়। হেডিং, ট্যাকল কিংবা ওয়ান-অন-ওয়ান ডুয়েলে তাঁর দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো।

রক্ষণভাগের ডান প্রান্তে থাকছেন সার্জিও রামোস। যদিও ক্যারিয়ারের বড় একটা সময় সেন্টারব্যাক হিসেবে খেলেছেন, তবে রাইটব্যাক হিসেবেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ক্যারিয়ারের শুরুর বেলায়। তাই এই একাদশে তাঁকে এখানেই রাখা যাক। দুর্দান্ত ট্যাকল, আকাশছোঁয়া হেডিং, নেতৃত্বগুণ আর গোল করার অসাধারণ ক্ষমতা তাঁকে করেছে পূর্ণাঙ্গ ডিফেন্ডার। সঙ্গে লম্বা চুলের স্টাইল আর মাঠের আগ্রাসী ব্যক্তিত্ব তো রয়েছেই।

মাঝমাঠের নিয়ন্ত্রণ থাকবে তিন কিংবদন্তির হাতে। এখানে প্রথম নাম লুকা মদরিচ। বয়সকে যেন রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখানো এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার বল পায়ে অসাধারণ স্বচ্ছন্দ। তাঁর ভিশন, বল কন্ট্রোল, ছোট বড় পাসের নিখুঁত সমন্বয় এবং প্রতিপক্ষের প্রেসিং ভেঙে বেরিয়ে আসার দক্ষতা মাঝমাঠে এনে দেয় বাড়তি মাত্রা। সঙ্গে কাঁধ ছুঁয়ে থাকা চুলের স্টাইল তাঁকে দিয়েছে আলাদা এক সৌন্দর্য।

তাঁর পাশে থাকছেন নেদারল্যান্ডসের রুদ খুলিত। নব্বইয়ের দশকের ফুটবলে ড্রেডলকস চুলের অন্যতম আইকনিক মুখ তিনি। তবে খুলিতকে কেবল চুলের জন্য মনে রাখলে বড় ভুল হবে। অ্যাথলেটিসিজম, শারীরিক শক্তি, গতি, টেকনিক এবং খেলার বিভিন্ন পজিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে করে তুলেছিল এক অসাধারণ বক্স-টু-বক্স মিডফিল্ডার। প্রয়োজনে আক্রমণে উঠবেন, আবার রক্ষণ সামলাতেও পিছপা হবেন না।

আর মাঝমাঠের গভীরতা থেকে খেলার ছন্দ নির্ধারণ করবেন আন্দ্রেয়া পিরলো। ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের লম্বা চুল আর দাড়ির সঙ্গে তাঁর ফুটবলীয় সৌন্দর্য যেন একই সূত্রে গাঁথা। ডিপ-লাইং প্লেমেকার হিসেবে তাঁর দায়িত্ব থাকবে রক্ষণভাগের সামনে থেকে খেলার গতি নিয়ন্ত্রণ করা। নিখুঁত লং পাস, থ্রু বল, অসাধারণ ভিশন আর সেটপিসে দক্ষতা দিয়ে প্রতিপক্ষের রক্ষণে ফাটল ধরাতে তাঁর জুড়ি মেলা ভার।

আক্রমণভাগের বাঁ প্রান্তে থাকছেন ব্রাজিলিয়ান ফুটবলের জাদুকর রোনালদিনহো। তাঁর হাসি, বাঁধা চুল আর পায়ের অসাধারণ কারিকুরি, সব মিলিয়ে তিনি ছিলেন এক স্বতন্ত্র ফুটবলীয় চরিত্র। নো-লুক পাস, ইলাস্টিকো, নিখুঁত ড্রিবলিং কিংবা প্রতিপক্ষকে বোকা বানিয়ে দেওয়া সব কৌশলেই ছিল তাঁর অনায়াস দক্ষতা।

মাঝখানে থাকছেন বর্তমান সময়ের অন্যতম ভয়ংকর গোলমেশিন আর্লিং হলান্ড। নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের লম্বা স্বর্ণালি চুল আর কখনো বেঁধে রাখা বেণি তাঁকে দিয়েছে আলাদা পরিচিতি। তবে তাঁর আসল পরিচয় গোল করার দক্ষতায়। অসাধারণ গতি, শারীরিক শক্তি, বক্সের মধ্যে পজিশনিং এবং দুই পায়ের নিখুঁত ফিনিশিং তাঁকে করে তুলেছে আধুনিক ফুটবলের অন্যতম বিধ্বংসী স্ট্রাইকার।

আর আক্রমণের অন্য প্রান্তে থাকছেন আর্জেন্টাইন গোলমেশিন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। নব্বইয়ের দশকের ফুটবলে লম্বা চুলের অন্যতম পরিচিত মুখ। দুর্দান্ত শট, শক্তিশালী ফিনিশিং, হেডিং এবং গোল করার সহজাত প্রবৃত্তির কারণে তাঁকে বলা হতো ‘বাতিগোল’।

বক্সের ভেতরে কিংবা বাইরে, দুই জায়গা থেকেই গোল করার সামর্থ্য ছিল তাঁর। বাতিস্তুতার বিধ্বংসী শট আর হলান্ডের আধুনিক স্ট্রাইকারসুলভ ক্ষিপ্রতা, আক্রমণভাগে যোগ করবে বাড়তি ধার। আর রোনালদিনহোর সৃজনশীলতা তো থাকছেই।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link