৩৩৫ বল খেলে ১৭৫ রান, তবু তাঁকে ফেরানো গেলো না। নিউজিল্যান্ডের ইনিংসের শেষ উইকেটটা যখন পড়ল, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে একজন মানুষ তখনো দাঁড়িয়ে। কেউ তাঁকে আউট করতে পারেনি, শুধু সঙ্গীরা একে একে ফুরিয়ে গেছে। হেনরি নিকোলসের গল্পটা আসলে থেকে যাওয়ার , যেখানে সবাই চলে যায়, সেখানে একা টিকে থাকার।
প্রথম দিনের সকালটা ছিল যেন হাজিরা দেওয়ার মিছিল। জাসপ্রীত বুমরাহর প্রথম ওভারের তৃতীয় বলে টম লাথাম বোল্ড। প্যাড বাঁধার সময়টুকুও ঠিকমতো পাননি নিকোলস, তাড়াহুড়ো করে নেমে পড়লেন। এরপর একে একে বাকিরা ফিরে গেলেন।স্কোর বোর্ডে তখন ৭০ রানে ৫ উইকেট। ঘাসে ঢাকা উইকেটে ভারতীয় পেসাররা বল নাচাচ্ছেন, আর নিকোলস ব্যাট নামিয়ে, বল ছেড়ে, কখনো পুল করে নিজের কাজ করে যাচ্ছেন, যেন নিজের বাড়ির উঠোনে হাঁটছেন।
বাড়ি বলাটা অতিরঞ্জিত নয়। এই মাঠে মাত্র ১৫ ইনিংসে তাঁর পঞ্চম সেঞ্চুরি এল। এবার গ্যালারিতে ছিলেন স্ত্রী লুসি, বাবা-মা আর ছোট ছোট সন্তানেরা, আবার দিনটা ছিল লুসির জন্মদিনও। সেঞ্চুরির পর নিকোলস ব্যাট তুলে হাত নাড়লেন গ্যালারির দিকে। ম্যাচ শেষে তিনি নিজেই বললেন, স্ত্রীকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ সে তাঁর বড় ভরসা।

গ্লেন ফিলিপসকে পেয়ে গল্পটা মোড় নিল। দুজনে মিলে এক রানকে দুই, দুই রানকে তিন বানালেন, চাপ ফিরিয়ে দিলেন ভারতের কাঁধে। ২১৬ রানের জুটি গড়ে ফিলিপস সেঞ্চুরি করে ফিরলেন দ্বিতীয় দিন সকালে।
কিন্তু নিকোলস তখনো অবিচল। জেমিসন আর ডাফিকে সঙ্গে নিয়ে একটা একটা করে রান জুড়ে স্কোর টেনে নিলেন ৩৬৮ পর্যন্ত। ২১টি চার, একটিও ছক্কা নেই, তবু ইনিংসটা ভারী। শেষ ব্যাটার ফিরে যেতেই শুভমান গিল এগিয়ে এসে হাত মেলালেন, পুরো বেসিন উঠে দাঁড়াল, পরিবারের সদস্যরা সবার আগে হাততালি দিলেন।
৭০ রানে ৫ উইকেট থেকে ৩৬৮। এই পুরো পথটা হেঁটেছেন একজনই,যাকে শেষ পর্যন্ত ফেরানো যায়নি।











