অপ্রতিরোধ্য বাংলাদেশের আরও এক জয়

দুর্দান্ত, দুর্বার, দুরন্ত সাফে বাংলাদেশ নারী ফুটবল দল যেন সব বিশেষণের ঊর্ধ্বে। কোন বাধায় তাদের আটকে রাখতে পারছে না। ৩-০ ব্যবধানে ভুটানকে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা।

দুর্দান্ত, দুর্বার, দুরন্ত সাফে বাংলাদেশ নারী ফুটবল দল যেন সব বিশেষণের ঊর্ধ্বে। কোন বাধায় তাদের আটকে রাখতে পারছে না। ৩-০ ব্যবধানে ভুটানকে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা।

টানা খেলার ধকল এড়াতে দলের সেরা পারফর্মারদের বেঞ্চে রেখেই ভুটানের বিপক্ষে একাদশ সাজিয়েছিলেন পিটার বাটলার। সেই সাথে নিষেধাজ্ঞায় পড়া সাগরিকার না থাকাটা একটা শূন্যতা তৈরি করেছিল শুরু থেকেই। সব মিলিয়ে প্রথম দিকে কিছুটা এলোমেলো ফুটবলই খেলেছে বাংলাদেশ।

সাফের শুরু থেকেই দাপট দেখানো বাংলাদেশের প্রথম গোল পেতে এদিন অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। ঘড়ির কাঁটা ১০ মিনিট থেকে ২০ মিনিট পার হলেও বল জালে জড়াতে পারেনি তৃষ্ণারা।

স্বপ্না না থাকায় মাঝমাঠে কিছুটা ছন্নছাড়া হয়ে পড়েছিল বাংলাদেশ। পিটার বাটলার দেরি না করেই ৩০ মিনিটের মাথায় বন্যাকে উঠিয়ে নামালেন তাকে। দল ছন্দ ফিরে পেল। ৩২ মিনিটের মাথায়, দুর্দান্ত এক শটে বাংলাদেশকে লিড এনে দেন তৃষ্ণা। বিরতিতে যাওয়ার আগে ফলাফল থাকে ১-০।

ফিরে এসে গোলের জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণের পসরা সাজিয়ে বসে। সুযোগ তৈরি হলেও কাঙ্ক্ষিত গোল আসছিল না কিছুতেই।

৬৩ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে ভুটান ফাউল করে বসে, পেনাল্টি পায় বাংলাদেশ। নিশ্চিত এগিয়ে যাওয়ার সুযোগটি মিস করে বসেন স্বপ্না। তবে ঠিক দুই মিনিট পরেই তৃষ্ণা নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন।

পেনাল্টি মিসের আক্ষেপটা বেশ পোড়াচ্ছিল স্বপ্নাকে। তাই তো নিজের ভুল শুধরে নেন দূরপাল্লার দুর্দান্ত এক শটে। তাঁর গোলে ৭৪ মিনিটেই ৩-০ ব্যবধানের লিড পেয়ে যায় বাংলাদেশ। ভুটানের করার কিছুই আর থাকে না। অপেক্ষাটা বাড়ে আরও এক পরাজয়ের।

আর কোন গোল করতে পারেনি কোন দল। নির্ধারিত সময়ে রেফারি শেষের বাঁশি বাজিয়ে দিলে অপ্রতিরোধ্য বাংলাদেশ আরও এক জয় পায়। সাফের লড়াইয়ে একচেটিয়া দাপট দেখানো বাংলার মেয়েরা যে এবারের আসরে শুরু থেকেই সবার সেরা সেটা আরও একবার মনে করিয়ে দিল, বুঝিয়ে দিল সাফের শিরোপাটা নিজেদের ঘরেই রাখতে চায় তারা।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link