জন্ম বেলজিয়ামে, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়, বংশসূত্রে ভারতীয় ও পাকিস্তানি, আর এখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে জিম্বাবুয়ের হয়ে! শুনতে অবিশ্বাস্য লাগলেও, ঠিক এভাবেই এক অনন্য যাত্রাপথ তৈরি করেছেন আনতুম নাকভি। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টে জিম্বাবুয়ের দলে জায়গা করে নিয়েছেন তিনি।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জন্ম নেওয়া নাকভি মাত্র চার বছর বয়সে পরিবারসহ পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন, এমনকি অর্জন করেছেন বাণিজ্যিক বিমান চালকের লাইসেন্স!
কিন্তু জীবনের গতিপথ বদলে দেন এক সিদ্ধান্তে—বিমানের ককপিট ছেড়ে হাতে তুলে নেন ক্রিকেট ব্যাট। কারণ একটাই, ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা। আর সেই সিদ্ধান্তই তাঁকে এনে দিয়েছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নেওয়ার সুযোগ।

তবে আইসিসির নিয়ম অনুযায়ী নাকভি বেলজিয়ামের হয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারতেন। বেলজিয়াম জাতীয় দলের দরজাও ছিল তাঁর জন্য খোলা। কিন্তু ভাগ্যের চাকা ঘুরে গেল অন্যদিকে, যোগ দিলেন জিম্বাবুয়ে ক্রিকেটে।
ঘরোয়া ক্রিকেটে নাকভি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৬৭.৭৫। ২৬ ইনিংসে করেছেন ১৬২৬ রান, স্ট্রাইক রেট ৭২.৬৫। ২০২৪ সালে গড়েছিলেন অবিশ্বাস্য এক রেকর্ড—জিম্বাবুয়ের প্রতিনিধিত্বকারী কোনো দলের হয়ে প্রথমবারের মতো ত্রিশতক করার কৃতিত্ব তাঁরই দখলে।
সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ আশা জাগানিয়া। গত সপ্তাহে হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ‘এ’ বনাম এমসিসি ম্যাচে তিনি খেলেছেন ৬৮ ও ১০৮ রানের দুটি দারুণ ইনিংস। সেটিই ছিল তাঁর ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

এখন সামনে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ—টেস্ট অভিষেক। জিম্বাবুয়ের হয়ে আফগানিস্তানের বিপক্ষে লাল বলের এই লড়াই নাকভির জন্য শুধুই একটা ম্যাচ নয়, এটি তাঁর অসাধারণ যাত্রার প্রতীক, এক স্বপ্নবাজের গল্প, যে আকাশের বদলে ক্রিকেট মাঠেই খুঁজে পেয়েছে নিজের উচ্চতা।











