লাউতারোকে যে কোনো মূল্যে দলে চায় আর্সেনাল

দায়িত্ববান এক নেতা প্রয়োজন আর্সেনালের। সেজন্যে লাউতারোর চাইতে ভাল বিকল্প হাতের কাছে নেই বললেই চলে। তাইতো সর্বস্ব দিয়েই লাউতারোকে দলে নিতে চায় গানার্সরা। গুঞ্জন কি শেষ অবধি সত্যি হবে?

দলে নেই কোন জাত স্ট্রাইকার, তবুও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাজা খ্যাত রিয়াল মাদ্রিদের জালে তিনখানা বল পাঠিয়েছে আর্সেনাল। মিকেল মেরিনোকে বানানো হয়েছে মেকশিফট স্ট্রাইকার।

কিন্তু, এভাবে তো আর দীর্ঘদিন চলতে পারে না। গানার্সদের একজন স্ট্রাইকার চাই-ই চাই। সেজন্যে তো তারা বিপুল অংকের অর্থ খরচে প্রস্তুত লাউতারো মার্টিনেজের জন্যে।

গ্রীষ্মকালীন দলবদল আসছে সামনে। এখন থেকেই নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইউরোপের ফুটবল পাড়ায়। তেমনই এক গুঞ্জন সৃষ্টি হয়েছে আর্সেনাল ও লাউতারোকে ঘিরে। প্রায় ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতেও দ্বিধা নেই ইংল্যান্ডের ক্লাবটির।

তবে লাউতারোকে তো আর চাইলেই দলে ভেড়ানো সম্ভব নয়। তিনি ইন্টার মিলানের অধিনায়ক, মেইন ম্যান। তার সাথে জড়িয়ে আছে ক্লাবের আবেগ ও অনুভূতি। দর্শকরাও এই আর্জেন্টাইনকে নিজেদের ঘরের ছেলের মতই আদর করে।

এমনকি ইন্টারের সাফল্যের সিংহভাগ জায়গা জুড়ে আছেন তিনি। এমন একজন খেলোয়াড়কে কোন ক্লাবই ছেড়ে দিতে চাইবে না। কিন্তু, ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব বেশ লোভনীয়। এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়াও প্রায় অসম্ভব।

তাছাড়া আর্সেনালের এই দলে আক্রমণের শীর্ষস্থানে লাউতারোর মতই একটা চরিত্র এই মুহূর্তে প্রয়োজন। দলটা ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত শিরোপার লড়াই চালাচ্ছে, কিন্তু শিরোপা জেতা হচ্ছে না তাদের। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগেও দলটা শিরোপার অন্যতম দাবিদার।

কিন্তু প্রতিবারই কোথাও একটা মিসিং লিংক থেকে যাচ্ছে। একজন জাত স্ট্রাইকারের অভাবে দুর্ধর্ষ মিডফিল্ড আর উইংগার থাকার পরও দলটা মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে খেই হারায়।

এজন্যেই দায়িত্ববান এক নেতা প্রয়োজন আর্সেনালের। সেজন্যে লাউতারোর চাইতে ভাল বিকল্প হাতের কাছে নেই বললেই চলে। তাইতো সর্বস্ব দিয়েই লাউতারোকে দলে নিতে চায় গানার্সরা। গুঞ্জন কি শেষ অবধি সত্যি হবে?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link