এশিয়া কাপ বলতে কিছু নেই। বাংলাদেশ ক্রিকেট মানেই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। সবাই নির্বাচন খাচ্ছেন, নির্বাচন ঘুমাচ্ছেন, নির্বাচনেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে কেনো আলাপ হবে না। সেসব নিয়ে কেউ ভাববে না, ভাবনার অন্দরমহল জুড়ে এখন একটাই প্রশ্ন – কে হবেন নতুন বোর্ড সভাপতি? এশিয়া কাপ বলতে সত্যিই কিছু নেই, পুরোটাই মিডিয়ার সৃষ্টি।
বোর্ডের ভেতরে এখন শুধুই নির্বাচনী গন্ধ। একেকদিন একেক পক্ষ আসছেন, বক্তব্য রাখছেন। একে অপরকে দুষছেন। এসবের ভেতর দিয়েই নতুন একজন সভাপতি আসবেন, তাতে ক্রিকেটের কোনো উন্নতি আদৌ আসবে কি না, বাংলাদেশ ক্রিকেটে আদৌ কোনো সাফল্য আসবে কি না – তাঁর কোনো নিশ্চয়তা নেই।
নির্বাচন নিয়ে এই জাতীয় ঘটনা আগেও ঘটেছে। তাতে ক্রিকেটের দৃশ্যত কোনো উন্নতি হয়নি। ভাবা যায়, এশিয়া কাপের ফাইনাল নির্ধারণী ম্যাচ রাতে, বিকালে সবগুলো ক্যামেরার চোখ সম্ভাব্য এক প্রার্থীর বক্তব্যে। সেখানে এক বিন্দুও ক্রিকেট নেই। ক্রিকেট বাংলাদশে মাঠে হয় না, পরিকল্পনা এখানে ড্রেসিংরুমে হয় না, হয় বিসিবির ভোটকেন্দ্র আর কাউন্সিলরশিপে। ওটাই আসল ক্রিকেট। ক্রিকেটে সবচেয়ে বেশি লড়াইটা বাংলাদেশ এই একটা জায়গাতেই করে।

ক্রিকেটারদের মধ্যে ঢুকে গেছে বিসিবি নির্বাচন। একগাদা ক্রিকেটার একই স্ট্যাটাস দিচ্ছেন কপি-পেস্ট করলেন। মেনে নেওয়া গেল, তাঁরা এশিয়া কাপে নেই। কিন্তু, একই সময়ে তো এনসিএল টি-টোয়েন্টি চলছে। খেলোয়াড়দের ফোকাস সেদিকেই থাকা দরকার ছিল। কিন্তু নেই, তাঁরা ডুবে আছেন বিসিবি নির্বাচনে। গা ছমছম উত্তেজনা, কে জিতবে, কে হারবে সেসব নিয়ে সংশয়। কার চোখে ‘ভাল’ সাজলে ক্যারিয়ার ‘ভাল’ হবে সেদিকেই মনোযোগ।
এশিয়া কাপের সেখানে কোনো আলোচনা নেই। কেন বাংলাদেশ ১৩৬ রানও তাড়া করতে পারল না, কেন মিডল অর্ডার প্রায় কোনো ম্যাচেই ক্লিক করল না, কেন পরিকল্পনার কোনো আগা-মাথা খুঁজে পাওয়া গেল না-সেসবের কোনো উত্তর পাওয়া গেল না। আসলে উত্তর খুঁজে পাওয়ার চেষ্টাও করল না কেউ, সবাই বোর্ড সভাপতি খুঁজতে ব্যস্ত। এভ্রিওয়ান ইজ ওয়েটিং ফর গডো।
এশিয়া কাপ কল্পনার তৈরি এক ক্রিকেট আসর। সেই আসরে বাংলাদেশ ক্রিকেট ব্যর্থ হয়েছে। কিন্তু, সফল হয়েছে বোর্ড নির্বাচনে। বোর্ডের নির্বাচন নিয়ে এত আলোচনা-সমালোচনা, এত তর্কাতর্কি, ক্রিকেটারদের এত এত ‘কপি-পেস্ট’ স্ট্যাটাস প্রসব এসব আর কোনো দেশের কোনো খেলার বোর্ড নির্বাচনে হয় না। এখানেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। এখানেই বিশ্বসেরা বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটর মঞ্চে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন।











