সব ভালো যার শেষ ভালো তার, এই মন্ত্র বুকে নিয়েই মাঠে নামল অস্ট্রেলিয়া। মিচেল মার্শ স্বরূপে ফিরে এলেন, অ্যাডাম জাম্পা স্পিন বিষে বধ করলেন ওমানকে। তাতেই নয় উইকেট আর ৬২ বল হাতে রেখেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া।
শুরুতেই ম্যাচটা আগেভাগেই যেন শেষ করতে চাইল অস্ট্রেলিয়া। টস জিতে ওমানকে পাঠালো ব্যাটিং। উদ্দেশ্য যত দ্রুত আটকে ফেলা যায় প্রতিপক্ষকে। যেমন ভাবনা তেমন কাজ, ইনিংসের প্রথম বলেই উইকেট, জাভিয়ার বার্টলেটের আগুনে বোলিং ধরাশায়ী করে ফেলে ওমানকে।

উইকেট তোলার উৎসবে যোগ দেন বাকিরাও। তবে ওমানের ব্যাটাররাও শেষ লড়াইটা করতে থাকে দাঁতে দাঁত চেপে। তবে অ্যাডাম জাম্পার বোলিং তোপে নিমিষেই লড়াইয়ের শেষ হয়ে যায়। ৩.২ ওভারে ২১ রানের বিনিময়ে বাগিয়ে নেন চার উইকেট। তাতেই ১০৪ রানে গুঁটিয়ে যায় ওমান।
গ্রুপ পর্বে বিদায়ের আক্ষেপ যেন আগুন হয়ে ধরা দিল। রান চেজ করতে নেমে পুরনো তেজ দেখাল অস্ট্রেলিয়া। মিচেল মার্শ আর ট্রাভিস হেডের বিধংসী জুটি শেষ বেলায় জমে উঠল। ওপেনিং জুটি থেকে এলো ৯৩ রান। হেড ৩২ রানে বিদায় বলেন ঠিকই তবে মার্শের তরবারী কচুকাটা করলো ওমানের বোলিং লাইন-আপকে। ৬৪ রানের হার না মানা ইনিংস অস্ট্রেলিয়াকে এনে দিল বিশাল এক জয়। ওমানকে হারাল ৬২ বল আর নয় উইকেট হাতে রেখেই।

এই জয় যেন আক্ষেপ বাড়াল আরও। আসরজুড়ে হতাশা ছড়ানো অস্ট্রেলিয়া তেতে উঠল শেষ বেলায় এসে। যখন কিছুই করার নেই। এই জয়টা তাই এক স্বান্তনা হয়েই থাকল অজিদের জন্য।











