অস্ট্রেলিয়ার সামনে ঘোরতর বিপদ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। তবে এবার পাশার দান উল্টে  গেছে। চাপ সৃষ্টিকারী অস্ট্রেলিয়ায় এবার রয়েছে বড় চাপে। জিম্বাবুয়ের কাছে পরাজয়টা সুপার এইটে যাওয়ার রাস্তাটা কঠিন করে তুলেছে তাদের জন্য।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়া মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। তবে এবার পাশার দান উল্টে  গেছে। চাপ সৃষ্টিকারী অস্ট্রেলিয়ায় এবার রয়েছে বড় চাপে। জিম্বাবুয়ের কাছে পরাজয়টা সুপার এইটে যাওয়ার রাস্তাটা কঠিন করে তুলেছে তাদের জন্য।

গ্রুপ ‘বি’-র চিত্রটাই বদলে দিয়েছে একটি ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে অপ্রত্যাশিত হার অস্ট্রেলিয়াকে ঠেলে দিয়েছে টেবিলের তৃতীয় স্থানে। দুই ম্যাচে এক জয়, এক হার, পয়েন্ট মাত্র ২। হাতে এখনও দুটি ম্যাচ, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ওমান। এই দুই ম্যাচ জিতলেই কি সব সমস্যার সমাধান? উত্তরটা না, সবকিছু এখন এত সহজ নয়।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে দু’দলই টানা দুই জয়ে চার পয়েন্ট নিয়ে এগিয়ে। তাদের হাতেও আছে দুটি করে ম্যাচ। ছয় পয়েন্ট তাই বাগিয়ে নিতে পারে দুই দলই। ফলে অস্ট্রেলিয়া যদি বাকি দুই ম্যাচ জিতেও ফেলে, তাহলেও নেট রান রেটের হিসাব সামনে চলে আসবে। অর্থাৎ শুধু জয় নয়, চাই বড় ব্যবধানের জয়। আর যদি একটিতেও পা হড়কায় তবে গ্রুপ পর্বেই শেষ হয়ে যেতে পারে এবারের যাত্রা।

চাপের জায়গাটা আরও স্পষ্ট ড্রেসিংরুমে। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড না আসাতেই অস্ট্রেলিয়া নিজেদের শক্তি হারিয়েছে। এরপর আবার মিচেল মার্শের ইনজুরি। আর সর্বশেষ মার্কাস স্টয়নিসের নাম উঠেছে সেই তালিকায়। এ যেন মরার উপর খাড়ার ঘা।

সবচেয়ে বড় প্রশ্নটা মানসিকতায়। ২০২১ সালে শিরোপা জয়ের পর দলটি ধারাবাহিকভাবে বড় মঞ্চে ব্যর্থ। গত দুই আসরেই সেমিফাইনালে উঠতে পারেনি। এবারও যদি প্রথম পর্বেই থেমে যায়, তাহলে সেটি হবে অস্ট্রেলিয়ার জন্য এক নতুন হতাশার অধ্যায়।

১৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাই কেবল আরেকটি গ্রুপ ম্যাচ নয়, এটি একপ্রকার টিকে থাকার লড়াই। হেরে গেলে বিদায় প্রায় নিশ্চিত। জিতলেও চোখ রাখতে হবে জিম্বাবুয়ের ম্যাচে। অর্থাৎ নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেই।

অস্ট্রেলিয়ার ইতিহাস বলছে, তারা চাপের মুখে ঘুরে দাঁড়াতে জানে। বড় টুর্নামেন্টে বহুবার অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু এবারের চ্যালেঞ্জ ভিন্ন। দলগত ছন্দের অভাব, চোটের মিছিল, আর আত্মবিশ্বাসে ধরেছে চিড়,  সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই মহাবিপদে অস্ট্রেলিয়া।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link