বাবর ফিরেছেন চেনা রূপে!

চিরায়িত সেই কাভার ড্রাইভ, কখনও ব্যাটের আলতো ছোঁয়ায় বল পার হচ্ছে সীমানা দড়ি। টাইমিংটা এতটাই নিখুঁত, যেন ব্যাট আর বলের মধ্যে তৈরি হয় অপার্থিব কোন সুর। কে বলে বাবর ফুরিয়ে গেছেন? এখনও তো তাঁর ব্যাট কথা বলে কবিতার মতো, কখনও শান্ত, কখনও বিধ্বংসী, কিন্তু সবসময়ই মোহময়।

চিরায়িত সেই কাভার ড্রাইভ, কখনও ব্যাটের আলতো ছোঁয়ায় বল পার হচ্ছে সীমানা দড়ি। টাইমিংটা এতটাই নিখুঁত, যেন ব্যাট আর বলের মধ্যে তৈরি হয় অপার্থিব কোন সুর। কে বলে বাবর ফুরিয়ে গেছেন? এখনও তো তাঁর ব্যাট কথা বলে কবিতার মতো, কখনও শান্ত, কখনও বিধ্বংসী, কিন্তু সবসময়ই মোহময়। বাইশ গজে দাঁড়িয়ে তিনি যেন এক শিল্পী, আর প্রতিটি শট তাঁর তুলির আঁচড়। বোলারদের অসহায়ত্ব স্পষ্ট হয়ে ওঠে তাঁর দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের সামনে।

পাকিস্তান সুপার লিগ আর বাবর আজম—দুই নাম যেন একই সুতোয় গাঁথা। কতশত সব রেকর্ডের ফুলঝুরি, অবিরাম ছুটে চলা রানের চাকা, সবকিছুই যে বাবর আজমকে পূর্ণতা দিয়েছে এই মঞ্চে। তবে ২০২৬ আসরে যে একটা অপূর্ণতা টিকে ছিল এতদিন ধরে। রান আসছিল ঠিকই তবে বড় হচ্ছিল না ইনিংস। তবে সে অপেক্ষার অবসান হলো অবশেষে। করাচি কিংসের বিপক্ষে যেন অনেকদিন পর দেখা গেল চিরচেনা বাবরকে।

অনেকে বলেছিল, টি-টোয়েন্টির দ্রুতগতির ক্রিকেটে বাবরের স্টাইল হয়তো পুরনো হয়ে যাচ্ছে। কিন্তু বাবর সেই সমালোচনার জবাব দেন নিজের ব্যাট দিয়েই। বড় শটের ঝড় না তুলেও কিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয়, সেটার জীবন্ত উদাহরণ এই ইনিংসটা। গ্যাপ খুঁজে বের করা, ফিল্ডিং সেটআপ ভেঙে দেওয়া, আর ইনিংসকে গড়ে তোলা—এই তিনের নিখুঁত মিশেল ফুটে উঠল বাবরের ব্যাটিংয়ে।

করাচির বিপক্ষে ইনিংসে গোড়াপত্তন করতেই এসেছিলেন বাবর। তবে শূন্যতেই ধাক্কা খায় পেশোয়ার। মোহাম্মদ হারিস ফিরে যান রানের খাতা খোলার আগেই। সেখান থেকে বাবরের বীরত্ব শুরু। দলের অধিনায়ক, কাঁধে গুরুদায়িত্ব। সেটাকে সামলে নিলেন একেবারে নিঁখুতভাবে।

কুশক মেন্ডিসকে সাথে নিয়ে গড়লেন, ১৯১ রানের জুটি। কুশল যখন আগ্রাসী হয়েছেন বাবর তখন অ্যাঙ্করের ভূমিকা নিয়েছেন। শেষমেষ কোন বোলারই তাঁকে শিকার বানাতে পারেনি। ৫১ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত রেখেছেন নিজের প্রান্তটাকে।

শুরু থেকে শেষ নিজের গল্পটা নিজের হাতেই লিখলেন বাবর। সৌন্দর্যের নিঁখুত প্রদর্শনী যাকে বলে। ফর্মটা সবসময় একই ধারায় বহমান থাকে না, তবে ক্লাসটা যে পার্মানেন্ট। বাবরের এই ইনিংসটা তাঁরই প্রমাণ।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link