টেস্টে বাংলাদেশের কাছে আরেকটি হোয়াইটওয়াশ, সমালোচনার ঝড়, আর তারপরই নেতৃত্বে বড় পরিবর্তন আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেটে যেন আবারও ঘুরে এল পরিচিত এক অধ্যায়। টেস্ট দলের অধিনায়ক হিসেবে ফিরলেন বাবর আজম।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের জন্য বাবর আজমকে নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করেছে পিসিবি। প্রায় তিন বছর আগে বাবরের জায়গায় দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত নেতৃত্ব হারাতে হলো তাঁকে। ১৬ টেস্টে অধিনায়ক হিসেবে মাসুদের জয় মাত্র চারটি, বাকি ১২ ম্যাচেই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে পাকিস্তানকে।

তবে কেবল পরিসংখ্যানই নয়, সাম্প্রতিক ফলাফলও তাঁর বিদায়ের পথ আরও সহজ করে দিয়েছে। গত দুই বছরে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফরেও একই পরিণতি বরণ করতে হয়েছিল দলটিকে। ধারাবাহিক এই ব্যর্থতার পর নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত যেন সময়েরই দাবি হয়ে উঠেছিল।
এবার সেই দায়িত্ব আবারও উঠল বাবর আজমের কাঁধে। সাম্প্রতিক সময়ে টেস্টে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে না থাকলেও অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপর ভরসা রেখেই তাঁকে নতুন করে দায়িত্ব দিয়েছে নির্বাচকরা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আর ইংল্যান্ড সফরে ফিটনেস সাপেক্ষে যুক্ত হবেন সৌদ শাকিল। পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে চার নতুন মুখকে সুযোগ দিয়েছে পাকিস্তান। এরা হলেন: বাঁহাতি স্পিনার আলি উসমান, ব্যাটার মোহাম্মদ আওয়াইস জাফর, পেসার উবায়েদ শাহ এবং উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ গাজি ঘোরি।

পাকিস্তান ২৫-২৯ জুলাই তারৌবায় এবং ২-৬ আগস্ট পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে। এরপর আগস্টের মাঝামাঝি ইংল্যান্ড সফরে উড়াল দেবে দলটি। সেখানে লিডস, লর্ডস ও বার্মিংহামে তিন ম্যাচের টেস্ট সিরিজ অপেক্ষা করছে বাবর আজমের নতুন নেতৃত্বে।










