আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এদফা এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুই দেশের জাতীয় ক্রিকেট দলের ছায়াদল নামছে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে। সাম্প্রতিক সময়ে এই দুই দেশের দ্বৈরথে ফুটবল ময়দানে উঠেছিল উন্মাদনার গণস্রোত। ছায়া দলের ম্যাচটিকে ঘিরে দর্শকদের মাঝে আগ্রহের কমতি রয়েছে বটে। কিন্তু ময়দানে যে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি- সে বার্তা দিচ্ছে অবশ্য দুই দলই।
বাংলাদেশ-ভারত দুই দলই নিজ নিজ গ্রুপে দেখিয়েছে দাপট। তবে বাংলাদেশ নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হলেও, পাকিস্তান শাহীনসের কাছে ভারতের পরাজয় তাদেরকে দিয়েছে রানার্সআপের তকমা। দুই দলের টপ অর্ডারেই রয়েছে দু’টো সেঞ্চুরি। বৈভব সুরিয়াভানশির ৩২ বলে সেঞ্চুরির পর, বাংলাদেশের হাবিবুর রহমান সোহানও স্রেফ ৩৫ বলে ছুঁয়ে ফেলেন শতকের মাইলফলক।

অতএব এই দুই ব্যাটারের দ্বৈরথও বেশ উপভোগ্যই হওয়ার কথা। অন্যদিকে উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন বাংলাদেশের রিপন মণ্ডল। সাত উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। পাঁচ উইকেট নিয়ে ভারতের গুরজাপনীত সিংও রয়েছেন তালিকায়। ব্যাটে-বলে তাই জম্পেশ লড়াইয়ের অপেক্ষা।
বরাবরই বাংলাদেশ-ভারত ময়দানের দ্বৈরথ পরিণত হয়েছে মর্যাদার সংঘাতে। কেউ কাওকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। এশিয়ান ক্রিকেটে এখন ভারত-পাকিস্তান ম্যাচ এখন ততটাও উত্তেজনা ছড়ায় না, যতটা উদ্দীপনার জোগান দেয় বাংলাদেশ-ভারত ম্যাচ। অতএব এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালেও ঝাঁজটা ঠিকই থাকবে বলবৎ।

এর উপর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ভারতের ফুটবলে পরাজয়, দর্শকদের মধ্যে একটু আগ্রহ অন্তত সৃষ্টি করবে। কিন্তু ওই যে মর্যাদার দ্বৈরথ, ওই মর্যাদার খেলোয়াড়দেরও তাঁতিয়ে তোলে ভীষণ। তাতে করে কাতারের দোহার তপ্ত গরমের প্রভাব হয়ত মাঠের ক্রিকেটেও ছড়িয়ে যাবে। শেষ অবধি চাপ ও তাপ সামলে যে দল দেখাবে পারফরমেন্সের মুন্সিয়ানা- সে দলই কাটবে ফাইনালের টিকিট।











