হুট করেই ইউ টার্ন নিলেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে থাকছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক নিশ্চিত করে জানিয়েছে, আবেগের বশে পদত্যাগপত্র দিয়েছিলেন দেশের অন্যতম সেরা এই কোচ। তবে, আগের পদে বহাল থাকছেন তিনি।
জাতীয় দলে কাজের অনুকূল পরিবেশ নেই—এ অভিযোগ এনে পদত্যাগের সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। প্রথমে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান তিনি। পরে লিখিতভাবে জমা দিতে গেলে সেটি গ্রহণ করা হয়নি। যদিও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুবাই থেকে জানিয়েছিলেন, পদত্যাগপত্র গ্রহণ করা হবে।
সেদিনই বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—সিইও নিজামউদ্দিন চৌধুরী তাঁর পদত্যাগপত্র পেয়েছেন এবং আয়ারল্যান্ড সিরিজই হবে তাঁর দায়িত্বের শেষ সিরিজ।

তবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিসিবি।
ওই আলোচনা ইতিবাচক ভাবে শেষ হয়েছে বলেই দায়িত্বে বহাল থাকছেন সালাহউদ্দিন।
জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল নিয়োগ পাওয়ার পরদিনই হঠাৎ করে সহকারী কোচের পদ ছাড়েন সালাউদ্দিন। পরে কোচিং প্যানেলে যোগ দিয়েই আশরাফুল তাঁকে সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ করেন। বিসিবির কর্মকর্তারাও তাঁকে ফেরানোর উদ্যোগ নেন।
মিরপুর টেস্টের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান কোচ ফিল সিমন্সও সালাউদ্দিনকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন। সব মিলিয়ে পরিষ্কার—সালাউদ্দিনকে জাতীয় দলে রাখতে বিসিবি ও কোচিং স্টাফের আগ্রহ প্রবল।











