মোসাদ্দেকের অপেক্ষায় ছিল বাংলাদেশ!

সেই অতৃপ্ত বাসনা পূরণ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত এসে। অলরাউন্ড নৈপুণ্যে জানিয়ে গেলেন, তাঁকেই এতদিন ধরে খুঁজছিল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেটে ছয় নম্বর পজিশনটা  বহুদিন ধরেই এক অপূর্ণ গল্পের নাম। কখনও আফিফ হোসেন, কখনও মাহিদুল ইসলাম অঙ্কন, আবার কখনও অন্য কেউ, একজনের পর একজনকে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু দলের চাহিদা পূরণ করতে পারেননি কেউই। সেই অতৃপ্ত বাসনা পূরণ করলেন মোসাদ্দেক হোসেন সৈকত এসে। অলরাউন্ড নৈপুণ্যে জানিয়ে গেলেন, তাঁকেই এতদিন ধরে খুঁজছিল বাংলাদেশ।

ছয় নম্বরে এমন একজনকে দরকার যিনি প্রয়োজনে ইনিংস গড়বেন, আবার প্রয়োজন হলে গতি বাড়াবেন, ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি বল হাতেও ম্যাচে প্রভাব ফেলবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই দীর্ঘ অনুসন্ধানের উত্তর যেন দিলেন মোসাদ্দেক।

চার বছর পর জাতীয় দলে ফিরে মোসাদ্দেক যা করলেন, তা এক কথায় অবিশ্বাস্য। ৭০ বলে অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। সঙ্গে বল হাতে ১০ ওভারে এক মেইডেনসহ ৩৭ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। ব্যাট ও বল, দুই বিভাগেই ম্যাচে রেখেছেন নিজের ছাপ। লুফে নিয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কারও।

মোসাদ্দেকের ইনিংসের সবচেয়ে বড় সৌন্দর্য ছিল তাঁর ব্যাটিংয়ের ধরনে। শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলেছেন। প্রথম বল থেকেই রান খোঁজার চেষ্টা, বাজে বল পেলেই শাস্তি দেওয়া, আর নিয়মিত স্ট্রাইক রোটেশন, সব মিলিয়ে আধুনিক ওয়ানডে ব্যাটিংয়ের আদর্শ উদাহরণ।

বাংলাদেশি ব্যাটারদের অনেকেই স্পিন ভালো খেলতে পারেন। কিন্তু স্পিনারদের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করে দ্রুত রান তুলতে পারেন খুব কমজন। এখানেই আলাদা মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে বছরের পর বছর স্পিনারদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন আন্তর্জাতিক মঞ্চে এসে। শুধু তাই নয়, পেসারদের বিপক্ষেও ছিলেন অবিশ্বাস্য রকম সাবলীল।

বাংলাদেশের ছয় নম্বর পজিশনের সমস্যাটা ছিল এমন একজন ক্রিকেটারকে না পাওয়া, যিনি একাই দুই বিভাগের ভার কিছুটা বহন করতে পারবেন। দল বিপদে পড়লে হাল ধরা, কিংবা চাহিদা অনুযায়ী রান তোলা, এই কম্বিনেশনটাই মিসিং পাজল হয়ে ছিল এতদিন।

সক্ষমতা আর সম্ভাবনার জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আক্ষেপের একজন ছিলেন এই মোসাদ্দেক। সেই আক্ষেপ ঘোচালেন ফিরে এসেই। এমন প্রত্যাবর্তনের পর নিশ্চয় আর হারিয়ে যাবেন না তিনি, ছয় নম্বর পজিশন যে তাঁর কাছেই সবচেয়ে ভালো থাকবে।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link