চার ম্যাচে ২০৩ রান, গড় ৬৭-এর উপরে, স্ট্রাইক রেট ১৪৭। সবাই ভেবেছিল বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। তবে এমন পারফরম্যান্সের পরও নির্বাচকদের মন গলেনি। বিশ্বকাপের দলে জায়গা মেলেনি শান্তর।
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন শান্ত। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়কত্বও করছেন তিনি। দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকেই। যার শুরুটা করেছিলেন আসরের উদ্বোধনী ম্যাচে শতক হাঁকিয়ে। এরপর থেকে কার্যকরী সব ইনিংস খেলে যাচ্ছেন দলের জন্য।
শান্তর এমন আগ্রাসী মেজাজের ব্যাটিং সামনে নিয়ে আসে বড় প্রশ্ন। তবে কি বিশ্বকাপের দলে শেষ মুহূর্তে নিজের জায়গা পাকা করে ফেললেন? না, শান্ত সেটা করতে পারেননি। ডেইলি সানের সূত্র মতে শান্তকে ছাড়াই ১৫ সদস্যের বিশ্বকাপ দল জমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি এখনও।

বিপিএলের প্রথম ম্যাচেই সিলেট টাইটানসের দেওয়া ১৯০ রান তাড়া করতে নেমে দুর্দান্ত এক শতক হাঁকান শান্ত। ৬০ বলে ১০১ রানের সেই ইনিংসের সুবাদে ২ বল হাতে রেখেই এই বড় রান তাড়া করে ফেলে রাজশাহী।
দ্বিতীয় ম্যাচেও খেলেন ৩৭ রানের এক ইনিংস, যা ছিল তাঁর দলের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। তৃতীয় ম্যাচে করেন ২৪ এবং চতুর্থ ম্যাচে ৪১। সেই প্রেক্ষিতে অনেকেই ভাবেন, এবার বুঝি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে ফেলেছেন শান্ত।
সেটা না হলেও এখনও সুযোগ আছে শান্তর সামনে। আগামী ২০ জানুয়ারির মধ্যে জমা দেওয়া স্কোয়াডের নাম পরিবর্তনের সুযোগ রয়েছে বিসিবির কাছে। সেক্ষেত্রে আরও ৬টিরও বেশি ম্যাচ পেতে পারেন শান্ত। এর মধ্যে যদি টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পারেন, তবে কপাল খুলেও যেতে পারে রাজশাহী অধিনায়কের।











