ওয়ানডেতেও মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ!

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের পাহাড়সম রানের নিচে চাপা পড়ল মালয়েশিয়া। বিন্দুমাত্র লড়াইও করতে পারল না দলটি। ৩৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেল মাত্র ১৩২ রানে। তাতেই ২৩৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের পাহাড়সম রানের নিচে চাপা পড়ল মালয়েশিয়া। বিন্দুমাত্র লড়াইও করতে পারল না দলটি। ৩৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে গেল মাত্র ১৩২ রানে। তাতেই ২৩৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই ম্যাচের লাগাম টেনে ধরে। ওপেনিং জুটি থেকেই আসে ৮২ রান। ৩২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় বলেন জাওয়াদ আবরার। এরপরই দৃশ্যপটে হাজির হন আদিল বিন সিদ্দিক। বাকি গল্পটা তাঁরই।

১১১ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন। হাঁকিয়েছেন ১৪ চার আর চারখানা ছক্কা। খালিদ হাসানের সঙ্গে গড়ে তোলেন ১৭৫ রানের এক দুর্দান্ত জুটি, যা ইনিংসের ভিত গড়ে দেয়। খালিদ নিজেও ৮৬ বলে ৭৩ রানের কার্যকর ইনিংস খেলেন, কিন্তু মূল আকর্ষণ ছিলেন আদিলই। শেষদিকে ঝড় তোলেন শেখ পারভেজ জীবন। মাত্র ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৫০ ওভারে সাত উইকেটে ৩৬৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

এমনিতেই দুই ম্যাচ হেরে আত্মবিশ্বাস একেবারে তলানিতে ঠেকেছে মালয়েশিয়ার। তার ওপর রানের এই পাহাড়সম চাপ। সেটা আর সামলাতে পারেনি সফরকারীরা। ৩৭ রানের মধ্যেই হারিয়ে বসে চার উইকেট। আরও একবার ব্যাটিং বিপর্যয় অপেক্ষা করছে, তা অনুমেয়ই ছিল।

কোনো ম্যাচেই সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি মালয়েশিয়া। দ্বিতীয় ওয়ানডেতে কিছুটা আশা জাগলেও শেষমেশ পরাজয় বরণ করতে হয়েছে দলটিকে। আরও একবার সেই ব্যর্থতার ভারে চাপা পড়ল দলটা। বাংলাদেশের সামনে দাঁড়ানোর কোনো সুযোগই পেল না।

শেষপর্যন্ত ১৩২ রানেই থামে মালয়েশিয়ার রানের চাকা। বল হাতে রফিকুজ্জামান রাফি এবং পারভেজ জীবন নেন তিনটি করে উইকেট। সিরিজে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি জীবন। এই জয়ের সুবাদে ওয়ানডেতেও মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link