পকেটে ফোন নিয়ে বাইশ গজে ব্যাটার!

প্রথম রান নেওয়ার পথে তার পকেট থেকে পড়ে যায় মোবাইল ফোন। কেউ বিশ্বাসই করতে পারেনি যে টম বেইলি মোবাইল ফোন নিয়ে ব্যাটিং করতে নেমেছেন।

অপেশাদারিত্ব নাকি খামখেয়ালি? কাউন্টি ক্রিকেটে ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। পকেটে মোবাইল ফোন নিয়ে ব্যাটার নেমেছিলেন বাইশ গজে। রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে যায় সেই ফোন। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হাস্যরসের জন্ম দিয়েছে ঘটনাটি। খেলোয়াড়দের পেশাদারিত্বও প্রশ্নবিদ্ধ।

ঘটনাটি ঘটেছে ওল্ড ট্রাফোর্ডে। মুখোমুখি হয়েছিল দুই কাউন্টি দল ল্যাঙ্কারশায়ার ও গ্লৌসেস্টারশায়ার। ল্যাঙ্কারশায়ারের দশম ব্যাটার হিসেবে টম বেইলি নেমেছিলেন মাঠে । নিজের প্রথম রানের সন্ধানে ছিলেন তিনি। ফাইন লেগে বলকে ফ্লিক করে দুই রানের জন্যে দৌড় শুরু করেন টম বেইলি।

প্রথম রান নেওয়ার পথে তার পকেট থেকে পড়ে যায় মোবাইল ফোন। ধারাভাষ্যকররা রীতিমত অবাক হন। কেউ একজন বলে ওঠেন, ‘কিছু একটা পড়েছে তার পকেট থেকে’। কিন্তু কেউ বিশ্বাসই করতে পারেনি যে টম বেইলি মোবাইল ফোন নিয়ে ব্যাটিং করতে নেমেছেন।

এরপরই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের সার্কিটে এই বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। পেশাদারিত্বের প্রশ্ন ওঠে, কেউ কেউ কাউন্টি ক্রিকেটকে গ্রামের কোন এক টুর্নামেন্ট বলেও আখ্যায়িত করতে শুরু করেন। তবে ক্রিকেট আইনে এটা সম্পূর্ণ অপরাধ।

সাধারণত যেকোন প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণের আগেই খেলোয়াড়দের মোবাইল জমা দিতে হয়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও এই বিষয়ের চর্চা রয়েছে। মূলত ম্যাচ পাতানো এড়ানোর জন্যেই মোবাইল জমা নেওয়া হয়। এমন ঘোরতর অপরাধের পর খানিক সময়ের হাস্যরসের সঞ্চার ঘটলেও, জল গড়াতে পারে বহুদূর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ট্রল করতে শুরু করেছেন সবাই। এমন অখেলোয়াড়সুলভ ও অপেশাদার আচরণ কাউন্টি ক্রিকেটের মর্যাদা ও স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link