বাংলাদেশের ওয়ানডে দলে ব্যাপক রদবদল

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। এসেছে বেশ কিছু পরিবর্তন।

লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব ফিরলেন বাংলাদেশের ওয়ানডে দলে। জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহানকে বাদ দিয়েছে জাতীয় দলের নির্বাচক প্যানেল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। এসেছে বেশ কিছু পরিবর্তন।

বাংলাদেশ ক্রিকেট লিগ ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট দারুণ প্রভাবক হিসেবে কাজ করেছে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন ছন্দে থাকার কারণেই আফিফ হোসেনকে আনা হয়েছে দলে। তার অভিজ্ঞতাও এক্ষেত্রে প্রাধান্য পেয়েছে।

এ বিষয়ে লিপু বলেন, ‘আফিফ দলে মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসে এবং বর্তমানে ভালো ছন্দেও রয়েছে।’ এছাড়া লিটন বিসিএলে নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারেননি। তবুও তাকে সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রধান নির্বাচকের বক্তব্য হচ্ছে, ‘সাম্প্রতিক ওয়ানডেগুলোতে লিটন দাস হয়তো তার সেরা খেলাটা দেখাতে পারেনি, কিন্তু এই ফরম্যাটে প্রায় একশ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাকে তো উপেক্ষা করা যায় না। নিজের খেলায় উন্নতির জন্য সে কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই সে তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করবে।’

অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কনকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। তার সামর্থ্য ও সক্ষমতা প্রমাণের এটিই হতে পারে শেষ সুযোগ। কেননা মিডল অর্ডারের স্থিতিশীলতা আনতে লিটনকেও রাখা হয়েছে ভাবনাতে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব। তার বদলে এসেছেন নাহিদ রানা। মূলত পিঠের ইনজুরির কারণেই সাকিবকে দেওয়া হয়েছে বিশ্রাম।

হাসান মাহমুদ বাদ পড়েছেন ডানহাতের কনুইতে ইনজুরি থাকার কারণে। নাসুম আহমেদও সুযোগ পাননি। অন্যদিকে সাকিব আল হাসানকে ঘিরে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও, তার বিষয়ে কোন সুস্পষ্ট নির্দেশনা মেলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। অন্যদিকে ধারাবাহিকভাবে পারফর্ম করা রিপন মণ্ডলকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু তাকে পাকিস্তান সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়নি।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে রয়েছেন, লিটন দাস, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link