মাশরাফি বিন মর্তুজা একটা আক্ষেপ রেখে গেছেন। ক্রিকেট থেকে এখন তিনি বহুদূরে, রীতিমত লোকচক্ষুর আড়ালে এখন তার অবস্থান। আর একটা মৌসুম খেলতে পারলেই হয়ত তার নামের পাশে লেখা হত ১০০ উইকেট। কিন্তু সেই আক্ষেপের পাট চুকিয়ে, চলুন দেখা যাক পেস বোলিং অলরাউন্ডার হিসেবে- বিপিএলে সেরা পারফর্মার তালিকায় ঠিক কে কে আছেন।
- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)

রান ও উইকেট বিবেচনায় এই তালিকায় সবার উপরে রয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। বিপিএলে মোট সাত দলের হয়ে ৮৮টি ম্যাচ খেলেছেন থিসারা পেরেরা। এর মধ্যে ১২৩০ রান সংগ্রহের পাশাপাশি ৭৩টি উইকেট বাগিয়ে নিয়েছেন লঙ্কান এই অলরাউন্ডার।
- আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আন্দ্রে রাসেল। ছয়টি ভিন্ন দলের হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন রাসেল। ৮৭০ রানের বিপরীতে ৬৬টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন রাসেল।
- মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)

এই তালিকায় মাশরাফি বিন মর্তুজার নামটি দেখে একটু অবাক হতেই পারেন। কখনোই হয়ত তাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়নি। তবে ব্যাট হাতে মাঝেমধ্যেই তিনি দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন। সে ধারাবাহিকতায় ৬০২ রান রয়েছে তার নামের পাশে। এছাড়াও বিপিএলের মঞ্চে ৯৮টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের অবিসংবাদিত দলনেতা।
- ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)

আজকের এই পেস বোলিং অলরাউন্ডারদের তালিকায় ডোয়েন ব্রাভো সবচেয়ে কম ম্যাচ খেলেছেন বাকিদের তুলনায়। স্রেফ ৪২ ম্যাচের বিপিএল ক্যারিয়ার তার। এই স্বল্প দৈর্ঘ্যের বিচরণেও তিনি নিজের ছাপ ফেলে গেছেন। ৪১২ রানের বিপরীতে ৬২ উইকেট শিকার করেছেন ব্রাভো।
- ফরহাদ রেজা (বাংলাদেশ)

ফরহাদ রেজার নামটা হয়ত সেই অর্থে কখনোই আলোচিত হয়নি। তবে বিপিএলে তিনিও নিজের একটা অবস্থান সৃষ্টি করে যেতে পেরেছেন। ৮৩ ম্যাচ খেলেছেন রেজা। আটটি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছেন তিনি। ৬৯টি উইকেট শিকার করেছেন পাশাপাশি ৪১১ রান রয়েছে তার নামের পাশে।
- মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ)

মোহাম্মদ সাইফউদ্দিনকে এই তালিকায় রাখা নিয়ে খানিকটা দ্বিধার সৃষ্টি হয়েছিল। কেননা ব্যাট হাতে তার রানের সংখ্যা এড়িয়ে যাওয়ার মতই। মোটে ৩৩৩ রান করেছেন তিনি ৬৭ ম্যাচে। তবে তার উইকেট সংখ্যাকে এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র উপায় নেই। ৮৪টি উইকেট শিকার করেছেন তিনি বিপিএলে মাত্র চারটি ভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে।











