ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ হিসেবে ২০০৩ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের শুভসূচনা ঘটে। যা ২০০৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনেও পরিচিতি লাভ করে। পরবর্তীতে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
প্রোস্পার উত্তসেয়ার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ছিলেন ব্রেন্ডন টেইলর। সেই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্ধশতকসহ তিন ম্যাচে ৮৭ রান করেছিলেন তিনি।

তারপর কেটে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশটি আসর। সদ্য শুরু হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও জিম্বাবুয়ের স্কোয়াডে রয়েছেন চল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার।
২০০৭ সাল থেকে ২০২৪ পর্যন্ত প্রত্যেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই অংশ নেওয়া দুই ক্রিকেটার ছিলেন রোহিত শর্মা ও সাকিব আল হাসান। দুইজনেই বিদায় নেওয়ায় প্রথমবারের মতো তাদেরকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্ব আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের বিশ্ব আসরে নামতে যাচ্ছেন ব্রেন্ডন টেইলর। প্রত্যাবর্তনের পর এখন অবধি ব্যাট হাতে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। তবে সুদীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে তাঁর ব্যাট থেকে ভালো পারফরম্যান্স দেখারই প্রত্যাশা থাকবে ক্রিকেট সমর্থকদের।











