প্রস্তুতি ম্যাচেই আত্মবিশ্বাসের বার্তা দিল ব্রাজিল। মিশরকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় সফলতার হাসি হাসল সেলেসাওরা। আর এই জয়ের নায়ক তরুণ তুর্কি এন্ড্রিক, যার গোলে নিশ্চিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়।
ম্যাচের শুরু থেকেই দুই দল উপহার দিয়েছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল। রেফারির বাঁশি বাজার মাত্র ছয় মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রাজিল। মিশরের রক্ষণভাগের সামান্য ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান ব্রুনো গুইমারেস। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
মাত্র চার মিনিট পরই সমতায় ফেরে মিশর। মার্কুইনহোসের ভুল ব্যাক-পাস থেকে পাওয়া সুযোগ নিখুঁতভাবে কাজে লাগিয়ে গোল করেন মোস্তফা জিকো। এরপর প্রথমার্ধজুড়ে দুই দলই একাধিক আক্রমণ সাজালেও রক্ষণভাগের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ফলে বিরতিতে যায় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে যোগ হয় নতুন উত্তেজনা। মিশরের হয়ে বদলি হিসেবে মাঠে নামেন পোস্টার বয় মোহাম্মদ সালাহ। অন্যদিকে, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও কৌশলগত পরিবর্তন এনে নতুন গতি যোগ করেন আক্রমণভাগে।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা ইগর থিয়াগোর জায়গায় মাঠে নামেন উদীয়মান তারকা এন্ড্রিক। আর নামার পরই নিজের সামর্থ্যের ঝলক দেখান এই তরুণ ফরোয়ার্ড। ম্যাচের ৫১তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নেওয়া দুর্দান্ত এক শটে মিশরের জাল কাঁপিয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী মুহূর্ত।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মূল আসরের আগে নিজেদের শক্তিমত্তা ও আত্মবিশ্বাস আরও সুসংহত করল ব্রাজিল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে এই জয় কিছুটা স্বস্তিতে রাখবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।












