ফুরিয়ে আসছে বাটলারের দিন, শেষটা হবে কি রঙিন!

ফর্ম যে তার একেবারে তলানিতে- সেটা ভীষণ স্পষ্ট। বয়সও বেড়েছে তার। অতএব বিদায়ের সময় এসে গেছে। কিন্তু জশ বাটলারের রয়েছে ভিন্ন ভাবনা। 

গড় ১০.৮৭, আট ইনিংসে রান ৮৭। এই পরিসংখ্যানগুলো জশ বাটলারের। কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তার বাজে পারফরমেন্সকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে। বয়সও বেড়েছে তার। অতএব বিদায়ের সময় এসে গেছে। কিন্তু জশ বাটলারের রয়েছে ভিন্ন ভাবনা।

এই ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশন খুব একটা অচেনা নয় বাটলারের জন্য। দীর্ঘদিন ধরে তিনি খেলে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তাইতো এই উপমহাদেশকে বলা যেতে পারে বাটলারের চেনা আঙিনা। কিন্তু সেই আঙিনায় বড্ড বেশি বিবর্ণ ছিলেন বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে তার সংগ্রহ ছাড়ায়নি দুই অঙ্কের ঘর।

এখানেই শেষ নয়। শেষ চারটি আইসিসি আয়োজিত বৈশ্বিক টুর্নামেন্টে ২৭ ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন জশ বাটলার। এই সময়ে কেবল একবারই তিনি পঞ্চাশ রানের মাইলফলক স্পর্শ করেছেন। টি-টোয়েন্টিতে টানা ১৫ ইনিংস ধরে একটাও ফিফটি হাঁকাতে পারেননি। ফর্ম যে তার একেবারে তলানিতে- সেটা ভীষণ স্পষ্ট।

বর্তমানের বাটলারের বয়স ৩৫। একজন ক্রিকেটারের গোধূলি লগ্ন। এমন সময়ে পরন্ত ফর্ম বাটলারের জাতীয় দলে ভবিষ্যত শঙ্কার মুখে ফেলে দিয়েছে। তবে বাটলার বিশ্বাস করে, তিনি আরও বেশখানিকটা পথ পাড়ি দিতে পারবেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের দলে তিনি জায়গা পাবেন বলেই মত তার।

এক পডকাস্টে তিনি বলেন, ‘উচ্চাকাঙ্ক্ষা আমার অবশ্যই আছে, কিন্তু যেহেতু আমি আর অধিনায়ক নই, নির্বাচকও নই, তাই যা হওয়ার তাই হবে। দেখা যাক।’ তবে জাতীয় দলের হয়ে মাঠের নামার আগে পর্যাপ্ত সুযোগ রয়েছে বাটলারের সামনে। আইপিএল খেলতে চলেছেন তিনি গুজরাট টাইটান্সের হয়ে।

সেখানে আবারও নিজের চেনা ছন্দের প্রতিফলন ঘটাতে পারলেই হয়ত শঙ্কার মেঘ আপাতত দূর হবে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচের সিরিজেও খেলার সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ভাবনায় রেখে বাটলারকে পরিকল্পনার রাখবে কি-না ইংলিশ টিম ম্যানেজমেন্ট, সেটাই এখন ভাবনার বিষয়।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link