দুই মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন!

এক টুর্নামেন্টের দুই চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শেষ হয়েছে আরও দুই মাস আগে, দীর্ঘ বিরতির পর আফ্রিকান কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে।

এক টুর্নামেন্টের দুই চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট শেষ হয়েছে আরও দুই মাস আগে, দীর্ঘ বিরতির পর আফ্রিকান কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে। অথচ, ফাইনাল জিতে শিরোপা ঘরে নিয়ে উৎসবও করে ফেলেছে সেনেগাল। সেই টুর্নামেন্টের ফাইনাল নিয়ে আলোচনাও স্তিমিত হয়ে গেছে অনেক আগেই। কিন্তু মরক্কোর অভিযোগের ভিত্তিতেই ‘চ্যাম্পিয়ন’ পরিবর্তন করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ)।

চলতি বছরের ১৮ জানুয়ারি, স্বাগতিক মরক্কোর বিপক্ষে ফাইনাল খেলতে নেমেছিল সেনেগাল। ঘটনাবহুল ওই ম্যাচে, ১৭ মিনিটের জন্য মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন সেনেগালের অধিকাংশ খেলোয়াড়। মরক্কোকে পেনাল্টি দেওয়ার প্রতিবাদে আইন বহির্ভূত প্রতিক্রিয়া দেখিয়েছিল সেনেগালের খেলোয়াড়রা। আর সেটারই মাশুল তাদেরকে দিতে হচ্ছে চ্যাম্পিয়ন খেতাব হারিয়ে।

তবে স্রেফ ওই একটি কারণেই মাঠ ছেড়ে যায়নি সেনেগালের খেলোয়াড়রা। বরং স্বাগতিকদের প্রচণ্ড অসহযোগিতা ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগ এসেছিল সেনেগাল দলের পক্ষ থেকে। কিন্তু তাতে কোন লাভ হয়নি শেষমেশ। মরক্কো আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে কাফ বরাবর। সেই অভিযোগ গ্রহণযোগ্য প্রক্রিয়া উল্লেখ পূর্বক কাফ আইনের ৮২ নম্বর অনুচ্ছেদ অমান্য করায় ৮৪ নম্বর অনুচ্ছেদ কার্যকর করা হয়েছে।

৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দল যদি খেলতে অস্বীকৃতি জানায় বা রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে সেটি হার বিবেচনা করা হবে এবং প্রতিযোগিতা থেকে দলটিকে বাদ দেওয়া হবে। অন্যদিকে ৮৪ নম্বর অনুচ্ছেদে বলা আছে ৮২ নম্বর অনুচ্ছেদ ভাঙলে সংশ্লিষ্ট দল স্থায়ীভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হবে এবং ম্যাচটি ৩–০ ব্যবধানে হেরে গেছে বলে গণ্য হবে।

তবে মরক্কোর প্রাথমিক প্রতিবাদ খারিজ করে দিয়েছিল কাফের শৃঙ্খলা বোর্ড। কিন্তু আপিল বোর্ড মরক্কোর অভিযোগ আমলে নিয়ে এবার রায় দিয়েছে তাদের পক্ষে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link