ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে সেলিব্রেটেড ক্যারেকটার সম্ভবত কিরণ কুমার গ্রান্ধী। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার, নিলামের উত্তেজনা বাড়িয়ে দেন চোখের নিমিষে। এমনকি খেলোয়াড়ের দাম বাড়িয়ে, প্রতিপক্ষের পরিকল্পনার এলোমেলো করে দিতেও ওস্তাদ তিনি, কিন্তু এবারের মিনি নিলামে তেমনটি করার সুযোগ তার মেলেনি।
কেননা ২১ কোটি ৮০ লাখ রুপি নিয়ে তিনি বসেছিলেন নিলামে। তাকে খরিদ করতে হয়েছে আটজন ক্রিকেটার। নিজেকেই বেশ হিসেব কষে এগোতে হয়েছে। সে কারণেই অন্যের পথে খুব একটা বাঁধার সৃষ্টি তিনি করতে পারেননি। নিজের দলও গঠনেই তিনি রেখেছিলেন পূর্ণ মনোযোগ।
তবে পছন্দের খেলোয়াড়কে হাতছাড়া তিনি করতে চাননি। ঘরোয়া ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করা আকিব নবীকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়ে সে বার্তাই দিয়েছেন। এছাড়াও, মুস্তাফিজুর রহমানের জন্য তিনি সাধ্যমত চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শেষ অবধি সফল হতে পারেননি। কিন্তু তবুও দিল্লি বেশ শক্তপোক্ত দলই গঠন করেছে দিনশেষে।

২১ কোটি ৮০ লাখের মধ্যে ২১ কোটি ৪৫ লাখ খরচ করেছে ফ্রাঞ্চাইজিটি। লুঙ্গি এনগিডি, ডেভিড মিলারের মত খেলোয়াড়দের ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে নিতে পেরেছে ফ্রাঞ্চাইজিটি। এছাড়াও পাথুম নিসাঙ্কা, কাইল জেমিসন, বেন ডাকেটদের মত কার্যকর বিদেশিদের নিজেদের ডেরায় নিয়ে এসেছে দিল্লি ক্যাপিটালস।
চাইলেই ওপেনিংয়ে তারা দুই বিদেশিকে খেলাতে পারে। তবে সেটা নিশ্চয়ই করতে চাইবে না। দলনেতা লোকেশ রাহুলের উপর তাদের ভীষণ আস্থা। বেন ডাকেট, পাথুম নিসাঙ্কা, পৃথী শ- এই তিনজনের যে কেউ হতে পারেন রাহুলের সঙ্গী। এরপরের স্থানটা অভিষেক পোরেলের হাতে তুলে দিয়ে, নিতীশ রানা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, অক্ষর প্যাটেল- এই চার খেলোয়াড়ের উপর হয়ত তারা ছেড়ে দেবে ইনিংস বিল্ডআপ ও অ্যাক্সেলারেশনের দায়িত্ব।
অলরাউন্ডারের ঠাসা দিল্লির ব্যাটিং কিংবা বোলিং কোন কিছুই নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। মিচেল স্টার্ক, কুলদ্বীপ যাদবের মত পরীক্ষিত বোলাররা ভরসা আরও খানিকটা বাড়িয়ে নিশ্চয়ই দিচ্ছে। মুকেশ কুমার, থাঙ্গারাসু নাটরাজনরাও আছেন দুঃসময়ের হাল ধরতে।

মোদ্দাকথা, অন্যের ক্রয়ে ব্যঘাত ঘটাতে না পারলেও, নিজের সংসারটা ঠিকই গুছিয়ে নিয়েছেন কিরণ কুমার গ্রান্ধী। রাহুলের নেতৃত্বে শিরোপার দিকেই নজর থাকবে দিল্লি ক্যাপিটালসের। অলরাউন্ডারে ঠাসা দলটা পারফরম করতে পারলেই বাস্তব হবে শিরোপা জয়ের স্বপ্ন।











