জাতীয় দলের পথে দেবদূত পাদ্দিকাল?

আইপিএলের মঞ্চ মানেই নতুন তারার উদয়, আর ২০২৬ সালের এই মৌসুমে সেই আকাশে সবচেয়ে উজ্জ্বল ধ্রুবতারা হয়ে জ্বলছেন দেবদূত পাদ্দিকাল।

আইপিএলের মঞ্চ মানেই নতুন তারার উদয়, আর ২০২৬ সালের এই মৌসুমে সেই আকাশে সবচেয়ে উজ্জ্বল ধ্রুবতারা হয়ে জ্বলছেন দেবদূত পাদ্দিকাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই বাঁহাতি ব্যাটারের ব্যাটে এখন যেন রানের ঝরনাধারা। তার এই অতিমানবীয় ফর্ম দেখে ভারতীয় ক্রিকেটপাড়ায় এখন তাকে জাতীয় দলে নেওয়ার গুঞ্জন। খোদ আরসিবি মেন্টর দীনেশ কার্তিকের কণ্ঠেও শোনা গেল সেই একই সুর।

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন পাদ্দিকাল। ২৯ বলে ৫০ রানের সেই ইনিংসটি কেবল ঝোড়ো ব্যাটিংয়ের প্রদর্শনী ছিল না, ছিল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার এক ধ্রুপদী উদাহরণ। ম্যাচের শুরুতে পিচ থেকে ব্যাটাররা কোনো সাহায্যই পাচ্ছিলেন না, কিন্তু পাদ্দিকাল ছিলেন অবিচল।

​স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে দীনেশ কার্তিক বলেন, ‘পাদ্দিকালের মানসিক দৃঢ়তা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। কঠিন সময়ে নিজেকে সামলে রেখে একবার হাত খোলার সুযোগ পেতেই সে যেভাবে গিয়ার পরিবর্তন করল, তা কেবল একজন জাত ক্রিকেটারের পক্ষেই সম্ভব।’

কার্তিকের মতে, পাদ্দিকালের ধার কেবল ব্যাটে নয়, তার মগজেও। মাত্র ২৫ বছর বয়সেই কর্ণাটকের ড্রেসিংরুমে একজন নেতার মতো বিচক্ষণতা দেখাচ্ছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় টপকানো এই তরুণ এখন আন্তর্জাতিক আঙিনায় পা রাখার জন্য পুরোপুরি প্রস্তুত।

এখন অবধি আইপিএলে দুই ম্যাচ ব্যাট করতে নেমে ৫৫.৫ গড়ে ১১১ রান করা পাদ্দিকালের ব্যাটে এখন ব্যাঙ্গালুরু ট্রফি ধরে রাখার স্বপ্ন বুনছে। মাঠের লড়াই তো সবে শুরু, আসর জুড়ে পাদ্দিকালের ব্যাটের এই ছন্দ যদি অক্ষয় থাকে, তবে আরসিবির ট্রফি ধরে রাখার লালসা যেমন মিটবে, তেমনি তৃপ্ত হবেন কোটি ভারতীয় সমর্থক।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link