নেপালের বিপক্ষে হারের চরম লজ্জা থেকে কোনোমতে রক্ষা পেলেও, মাঠের লড়াই ছাপিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইংল্যান্ড। জয়ের নেশায় বুঁদ নেপালি ব্যাটারদের সামনে যখন হ্যারি ব্রুকের দল কোণঠাসা, ঠিক তখনই ড্রেসিংরুমের এক বিতর্কিত দৃশ্যের দেখা মেলে।
১৮ ওভার শেষে নেপালের সংগ্রহ তখন পাঁচ উইকেট হারিয়ে ১৬১ রান। জয়ের জন্য দরকার ১২ বলে ২৪ রান। লুক উডকে বোলিংয়ে আনেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক।
প্রথম বলেই ব্যাটের কানায় লেগে উইকেটের পেছন দিয়ে বল চলে যায় সীমানার কাছে। চার খাওয়ার পরের দুই বলেই দুই ওয়াইড করে বসেন উড। সমীকরণ তখন ১১ বলে ১৮ রান। স্বাভাবিকভাবেই চাপের মধ্যে পড়ে যায় গোটা ইংলিশ দল।

সেই মুহূর্তেই ব্রডকাস্টিং ক্যামেরায় ধরা পড়ে যে, ড্রেসিং রুম থেকে ওয়াকিটকি দিয়ে অধিনায়ক ব্রুকের সাথে কথা বলছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম। যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মের পরিপন্থী।
আইসিসির নির্ধারিত আইন অনুযায়ী, মাঠে থাকা খেলোয়াড়দের সাথে যোগাযোগ করার জন্য যেকোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করা নিষিদ্ধ। এর মধ্যে মাইক্রোফোন, ইয়ারপিস, ওয়াকিটকি, স্মার্টওয়াচ সবই আওতাভুক্ত।
কেবলমাত্র ব্রডকাস্টারদের জন্য তথা ম্যাচের মাঝে কমেন্ট্রি প্যানেলের সাথে অনূভুতি প্রকাশের জন্য ম্যাচ চলাকালীন অবস্থায় মাইক্রোফোন কিংবা এ জাতীয় ডিফাইস ব্যবহার করা যায়। অন্য কোন ইস্যুত ব্যবহার করলে আইসিসির একাধিক শাস্তির সম্মুখীন হতে পারে সেই দল কিংবা ব্যাক্তি।
স্বাভাবিকভাবেই ম্যাককালাম ও ব্রুকের এমন দৃশ্য ক্রিকেটপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করছে। বিষয়টি আইসিসি আমলে নিলে একাধিক শাস্তির সম্মুখীন হতে পারে তারা।











