বয়স কম, তাই বাদ পড়েছেন ফাহামিদুল

কেন এমনটি ঘটল? এমন প্রশ্নের প্রেক্ষিতে জাতীয় দলের ম্যানেজার জানিয়েছেন, ফাহামিদুলের পারফরমেন্সে রয়েছে অপরিপক্কতা।

এক নবজাগরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের ফুটবল। হামজা চৌধুরির সাথে এই জাগরণের সঙ্গী হতে পারতেন কিশোর ফাহামিদুল ইসলামও। কিন্তু এ যাত্রায় জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হচ্ছে না ইতালি প্রবাসী ফাহামিদুলের।

আসন্ন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করেছে বাংলাদেশ। সেই ক্যাম্পে যোগ দিয়েছিলেন ১৮ বছর বয়সী ফাহামিদুল। ধারণা করা হচ্ছিল তিনি দলের সাথে দেশে আসবেন, এরপর চড়ে বসবেন ভারতগামী বিমানে। কিন্তু তেমনটি হয়নি, গোটা দল বাংলাদেশে আসলেও ফাহামিদুল ফেরত গেছেন ইতালিতে।

কেন এমনটি ঘটল? এমন প্রশ্নের প্রেক্ষিতে জাতীয় দলের ম্যানেজার জানিয়েছেন, ফাহামিদুলের পারফরমেন্সে রয়েছে অপরিপক্কতা। ম্যানেজার আমের খান বলেন, ‘ওর আসলে বয়স কম, এখনও জাতীয় দলে খেলার মত পরিপক্ক হয়ে ওঠেনি। সে কারণেই সে ইতালিতে ফিরে গেছে। আপাতত আর দলের সাথে যোগ দিচ্ছে না।’

ফাহামিদুলের বয়স মাত্র ১৮ বছর। এই মুহূর্তে তিনি খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া ক্যালসিওতে। সেখান থেকেই বাংলাদেশ জাতীয় দলে সুযোগের আশায় সৌদিতে দলের সাথে যুক্ত। এরপর তিনি সেখানে একটি অনুশীলন ম্যাচে অংশ গ্রহণও করেন।

তবে তিনি প্রধান কোচ হ্যাবিয়ের ক্যাবরার গুডবুকে জায়গা করে নিতে পারেননি, এ বিষয়ে আমের বলেন, ‘অনুশীলন ম্যাচ তাঁকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তাঁর চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাঁকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি।’

আর তাছাড়া সৌদি আরবের ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা ছিল ২৮ জন। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের স্কোয়াডের দৈর্ঘ্য হতে পারবে সর্বোচ্চ ২৩ জনের। বয়স ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনাতেই বাদ পড়েছেন ফাহামিদুল ইসলাম।

Share via
Copy link