সঞ্জু স্যামসনের চোট কপাল খুলে দিয়েছে রিয়ান পরাগের, শুরুর তিন ম্যাচের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি। তাতেই মিশ্র প্রতিক্রিয়ার দেখা মিলেছে ক্রিকেটাঙ্গনে; বিশেষ করে স্বজনপ্রীতির অভিযোগ চাউর হয়েছে চারপাশে।
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টিতে আঙুলে চোট পান স্যামসন, এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় আপাতত ব্যাটার হিসেবেই খেলবেন তিনি। অর্থাৎ ব্যাটিংয়ের ইনিংসের সময় ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করা হবে তাঁকে। সেজন্য নেতৃত্ব দেয়ার জন্য নতুন কাউকে বেছে নিতে হতো টিম ম্যানেজম্যান্টকে।
তবে সমর্থকদের দাবি, রিয়ান পরাগের চেয়ে অধিনায়কত্ব বেশি প্রাপ্য যশস্বী জয়সওয়ালের। একজন কমেন্টে লিখেছেন, ‘পুরোপুরি স্বজনপ্রীতি হয়েছে, রিয়ান পরাগের মত সৌভাগ্য সবার থাকা দরকার আসলে। আর এটা তো মনে হচ্ছে রাজস্থান রয়্যালস না, আসাম রয়্যালসের দল। এ কারণে তাঁদের সমর্থন করতে চাই না।’

আরেক নেটিজেন অবশ্য ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তিনি বলেন, ‘প্রথম তিন ম্যাচের দুইটি গৌহাটিতে খেলবে রাজস্থান। পরাগ অধিনায়ক থাকায় বাড়তি জনপ্রিয়তা পাবে তাঁরা।’
তবে ক্রিকেটের বিচারে রাজস্থানের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করাই যায়। দলটার স্কোয়াডে অভিজ্ঞ নিতীশ রানা ছিলেন, ইনফর্ম জয়সওয়াল তো আছেনই। কিন্তু তাঁরা বেছে নিলো এমন একজনকে যিনি মাত্র পারফরম করতে শুরু করেছেন।
এ ব্যাপারে এক সমর্থক বলেন, ‘রিয়ান পরাগের কাছে মনে হয় কোন চিট কোড আছে, সাত বছর ধরে তাঁর ওপর ভরসা রেখেছিল। এখন একবছর পারফরম করতেই তাঁকে অধিনায়ক করে দিয়েছে, অথচ তাঁদের হাতে দুইটা ভাল অপশন ছিল।’











