জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনেই ঘটল এক চমকে দেওয়া ঘটনা। খুলনার মাঠে খেলা চলাকালীন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়লেন বরিশালের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি। মুহূর্তেই সতীর্থ আর প্রতিপক্ষ খেলোয়াড়রা ছুটে যান তাঁর কাছে। খুলনার সৌম্য সরকার তখন সবার আগে পৌঁছে যান তাঁর সাহায্যে। কিছুক্ষণের মধ্যেই মাঠে আসে অ্যাম্বুলেন্স, রাব্বিকে স্ট্রেচারে তোলা হয়।
ভাগ্য ভালো, শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হয়নি তাঁকে। জানা গেছেম খুলনায় রোদের তেজ আর প্রচণ্ড গরমে ফিল্ডিং করছিলেন রাব্বি। হঠাৎ চোখে ঝাপসা দেখা, শরীরে অবশ ভাব বোধ করতে শুরু করেন—মুহূর্তেই জ্ঞান হারান তিনি। তবে ড্রেসিংরুমে কিছুটা সময় বিশ্রাম নেওয়ার পর নিজের অবস্থার উন্নতি র কথা জানান ম্যাচ রেফারিকে। হাসপাতালে যেতে রাজি হননি, কিন্তু দল তাঁকে আর মাঠে ফেরায়নি।

দেশের ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা বিরল নয়, তবু প্রত্যেকবারই শিহরন ছড়িয়ে দেয় মাঠে। মনে পড়ে যায় তামিম ইকবালের সেই ভয়াবহ মার্চের দিনটির কথা—ম্যাচ চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাক করেছিলেন তিনি, সৌভাগ্যক্রমে ফিরে এসেছিলেন জীবনের লড়াইয়ে।
রাব্বির ঘটনাটা সেভাবে গুরুতর না হলেও আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেটাঙ্গনে। কারণ মাঠে একজন ক্রিকেটারের এমনভাবে লুটিয়ে পড়া—এ দৃশ্য কখনোই অভ্যস্ত হতে পারে না ক্রিকেট। খেলা যেমন লড়াইয়ের, তেমনি শরীরেরও। আর খুলনার রোদে সেই লড়াইয়ে আজ হারতে বসেছিলেন ফজলে মাহমুদ রাব্বি।











