টেস্টে পতনের জন্য দায়ী রোহিত-কোহলি!

রূপান্তরের এই পথটা সময়সাপেক্ষ—আর সেই সময়টাই এখন চাইছেন গম্ভীর। বিরাট ও রোহিতকে টেস্ট দল থেকে ছেটে ফেলে ভারত চূড়ান্ত সাফল্য পায় কি না, এখন সেটাই দেখার বিষয়।

ভারতের সাদা বলের ক্রিকেটে দাপট এখন বিশ্বজোড়া— টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, মাঝে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, ওয়ানডে বিশ্বকাপের রানার আপ দলও ভারত। কিন্তু, ঠিক উল্টো ছবি লাল বলের ক্রিকেটে। সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে যখন সমালোচনার ঝড়, তখনই দলের রূপান্তর প্রক্রিয়াকে সামনে এনে ব্যাখ্যা দিলেন কোচ গৌতম গম্ভীর।

এক সাক্ষাৎকারে গম্ভীর সরাসরি নাম না করলেও অভিজ্ঞ ক্রিকেটারদের দিকেই ইঙ্গিত করেছেন। ক্রিকেটমহলের মতে, তাঁর কথার তীর গিয়ে লেগেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকেই।

গম্ভীর বলেন, ‘যে দল নিউজিল্যান্ডের কাছে হেরেছিল আর যে দল দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে—দুটো এক নয়। অভিজ্ঞতার দিক থেকে বিশাল ফারাক। দায়টা সিনিয়রদের নিতেই হবে।’

তাঁর মতে, একদিকে অভিজ্ঞতায় ঠাসা দল হয়েও ব্যর্থতা, অন্যদিকে রূপান্তরের মধ্যে থাকা তুলনামূলক অনভিজ্ঞ দল—এই দুই পরিস্থিতিকে এক করে দেখা ঠিক নয়।

সমালোচনাকে স্বাভাবিক বলেই মনে করছেন ভারতীয় কোচ। বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দায়িত্ব এড়ানোর কোনও চেষ্টা নেই তাঁর। গম্ভীরের কথায়, ‘হারলে দায় আমারই। ফলাফল মাথা পেতে নেওয়া আমারই দায়িত্ব। আমি সবার আগে স্বীকার করব, আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি।’

তবে সমালোচনার ভিড়েও আশার আলো দেখাতে ভোলেননি তিনি। মনে করিয়ে দিয়েছেন, এই দলটাই সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে দারুণ সাফল্য এনে দিয়েছে। অর্থাৎ, রূপান্তরের এই পথটা সময়সাপেক্ষ—আর সেই সময়টাই এখন চাইছেন গম্ভীর। বিরাট ও রোহিতকে টেস্ট দল থেকে ছেটে ফেলে ভারত চূড়ান্ত সাফল্য পায় কি না, এখন সেটাই দেখার বিষয়।

Share via
Copy link