ভারতের কোচ হিসেবে দুই বছর পার করছেন গৌতম গম্ভীর। সময়টা খুব বেশি নয়। যদিও এই সময়েই সাফল্যের মহাকাব্যের সাথে ব্যর্থতার তালিকাও তাঁর দীর্ঘ।
অভিজ্ঞ ব্যাটার গৌতম গম্ভীরের কোচ হিসেবে শুরুটা ছিল প্রত্যাশার পাহাড় নিয়ে। তবে শেষ দুই বছরে এসেছে এমন কিছু পরাজয়, যা ভারতীয় ক্রিকেট অনেক দিন ভুলতে পারবে না।
এর মধ্যে আছে ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হার। ২৫ বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ খোয়ানো। প্রথমবারের মতো নিজ মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ পরাজয়। এছাড়া সম্প্রতি ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জাজনক রেকর্ডও করেছে গৌতমের শিষ্যরা।
কিন্তু গল্পের অন্য দিকও আছে। সমালোচনার মাঝেও বড় মঞ্চে কিছু অর্জন আছে গৌতমের। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টি এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ উঠেছে ভারতের হাতে।
ফলে দ্বিপাক্ষিক সিরিজে ধাক্কা খেলেও আইসিসি আসরে দল থেকেছে সবচেয়ে কার্যকর। আর এখানেই গৌতম গম্ভীর অধ্যায়ের সবচেয়ে বড় প্রশ্ন। সিরিজ হারের ব্যর্থতা কি ট্রফির উজ্জ্বলতায় ঢাকা পড়ে যাচ্ছে? নাকি বড় টুর্নামেন্ট জেতাই একজন কোচের আসল পরিচয়, এমন প্রশ্ন ছুঁড়ছেন কেউ কেউ।

এক পাশে হতাশার রেকর্ড আর আরেক পাশে ট্রফিভর্তি ক্যাবিনেট থাকলেও সঠিক রায় দেওয়ার দায়িত্ব এখন ভারতীয় বোর্ডের। সিরিজ এবং বড় টু্র্নামেন্টগুলোর প্রতি গৌতম এখন সমান মনোযোগ দেবেন কি-না সেটিই সবচেয়ে বেশি ভাবনার বিষয়।









