ক্রিস গেইল, ছক্কা মারা যার নেশা, পেশাও বটে। ৪৫ বছর বয়সেও বাইশ গজে আজও যেন ত্রাসের নাম হয়ে আছেন তিনি। সম্প্রতিই আন্তজার্তিক মাস্টার্স টি-টোয়েন্টি লিগে টানা দুই বলে দুই ছক্কা হাঁকিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ১৯ বলের ৩৯ রানের ঝড়ো ইনিংসটাই যেন স্মরণ করিয়ে দেয়, ব্যাটটা হয়ত তুলে রেখেছেন, কিন্তু ঝড় তুলতে আজও ভুলেননি তিনি।
পেশাদার ক্রিকেটটা ছেড়ে দিয়েছেন বছর তিনেক আগেই। কিন্তু পেশা ছাড়লেও নেশাটা ছাড়তে পারেননি এই ক্যারিবিয়ান দানব। অবসর জীবনে আমুদে বিনোদন আর গান-বাজনাতে মত্ত থাকা গেইল, মাঝেমধ্যে খেলেন লিজেন্ডস বা মাস্টার্স লিগ। সেখানেও সেই চিরচেনা আগ্রাসী রূপে দর্শকদের বিনোদন দিতে ভুলেননা তিনি।

প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, ইংল্যান্ডের বিপক্ষে ঝড় তুলেন ‘ইউনিভার্স বস’। ইনিংসের প্রথম দুই ওভারে নীরব থাকলেও, হাত খুলেন রায়ান সাইডবটমের বিপক্ষে। স্বভাবজাত ভঙ্গিতে দাঁড়িয়ে ওয়াইড লং অফের উপর দিয়ে ছক্কা মেরে ঝড়ের আভাস দেন গেইল।
পরের বলে স্ট্যাম্পের দিকে টার্গেট করেন সাইডবটম। চোখজুড়ানো এক ফ্লিকে অনায়াসেই আরেক ছক্কা হাঁকান গেইল। দর্শকরাও যেন এক মূহুর্তে হারিয়ে খুজলেন সেই পুরনো স্মৃতির পাতাটা।
শেষ অবধি চার ছক্কা আর তিন চারে গড়া ৩৯ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের গতিপথ বদলে দিয়ে যান তিনি। এতেই ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।











