গিল-সিরাজকে ছাড়াই কি এশিয়া কাপে ভারত?

মঙ্গলবারই ঠিক হবে ভারতের ভাগ্য। নির্বাচকরা কাদের ভরসা করবেন? প্রশ্নটা এখন সমর্থকদের মনে, শুভমান-সিরাজকে বাদ দিয়েই কি এশিয়া কাপের মঞ্চে নামবে ভারত?

এশিয়া কাপ দলে থাকবেন না শুভমান গিল ও মোহাম্মদ সিরিজ। মুম্বাইয়ে দল গঠনের সিদ্ধান্ত নিতে বসবে ভারতীয় নির্বাচক কমিটি। প্রচলিত ভাবনা কিংবা জনমতের সঙ্গে মিলছে না নির্বাচকদের ভাবনা। ইংল্যান্ড সফরে ঝলসে ওঠা কয়েকজন তারকা—শুভমান গিল কিংবা মোহাম্মদ সিরাজ—দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে একাই ৭৫০ রানের বেশি তুলেছিলেন গিল—যেখানে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। কিন্তু সমস্যা হলো, সেই রান এসেছে পাঁচ দিনের খেলায়। আর এশিয়া কাপের মঞ্চটা একেবারে উল্টো—ঝড়ো ছন্দের টি-টোয়েন্টি। যদিও আইপিএলে গিলের ব্যাট থেকেও এসেছিল ৬৫০ রান, তবে ওপেনার হিসেবে। আর নির্বাচকরা আপাতত অভিষেক শর্মা ও সাঞ্জু স্যামসনের ওপেনিং জুটি ধরে রাখার পক্ষে।

হ্যাঁ, অতিরিক্ত এক ওপেনারের জায়গা থাকবেই। সেই আলোচনায় আসবে গিলের নামও। তবে যশস্বী জয়সওয়ালের এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল। একজনকে নেওয়া হতে পারে, আবার দুজনই বাদ পড়তে পারেন। তবু গিল আপাতত পিছিয়ে আছেন—যদি না গৌতম গম্ভীর জোরালো সুপারিশ তোলেন টেস্ট অধিনায়কের হয়ে।

ব্যাটিং লাইনআপে নিশ্চিত নামগুলো হল তিলক ভার্মা, সুরিয়াকুমার যাদব আর রিঙ্কু সিং। বাকি একটি স্লট নিয়ে টানাটানি। বিকল্প শিভাম দুবে ও ওয়াশিংটন সুন্দর। যদিও আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়াস আইয়ার, নির্বাচকদের চোখে তিনি ততটা ভাগ্যবান নন। উইকেটরক্ষণে বিকল্প হিসেবে জিতেশ শর্মার জায়গা নিশ্চিত বলেই ধরা হচ্ছে।

বোলিং বিভাগে পরিস্থিতি আরও টানটান। অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী সিরাজই জায়গা হারাতে পারেন দল থেকে। কারণ নেতৃত্বে থাকছেন বিশ্বের সেরা পেসার জসপ্রিত বুমরাহ। সঙ্গে থাকবেন আর্শদীপ সিং। প্রসিধ কৃষ্ণা ও হার্ষিত রানা — হয়তো দুজনই যেতে পারেন দুবাই। অলরাউন্ডার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। অভিজ্ঞ মোহাম্মদ শামি থাকছেন আলোচনার বাইরে।

স্পিন আক্রমণে নির্ভরযোগ্য ভারত। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয় এবং সহ-অধিনায়ক অক্ষর প্যাটেল নিশ্চিত। ওয়াশিংটন সুন্দর ফেব্রুয়ারির স্কোয়াডে ছিলেন, সুতরাং তাঁকেও দেখা যেতে পারে। মঙ্গলবারই ঠিক হবে ভারতের ভাগ্য। নির্বাচকরা কাদের ভরসা করবেন? প্রশ্নটা এখন সমর্থকদের মনে, শুভমান-সিরাজকে বাদ দিয়েই কি এশিয়া কাপের মঞ্চে নামবে ভারত?

Share via
Copy link