শুভমান গিলের ব্যাট যখন কথা বলে সেটা মুগ্ধ হয়ে শুনে যেতে হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম সাক্ষী হলো তাঁর। ব্যাটার মোহনীয় ছন্দে সবাইকে বুঁদ করে রাখলেন গিল, খেললেন ৭০ রানের এক মনোমুগ্ধকর ইনিংস।
গুজরাট টাইটেন্স সর্বশেষ ম্যাচ খেলেছে কাপ্তান গিলকে ছাড়াই। ইনজুরির কারণে মাঠের দর্শক হিসেবেই থাকতে হয়েছে তাঁকে। এক ম্যাচের বিরতি দিয়েই আবারও মাঠে ফিরলেন গিল, আর এসেই নিজের আধিপত্য বিস্তার করলেন।

দিল্লি ক্যাপিটালসের বোলারদের বিপক্ষে শুরু থেকেই নিয়ন্ত্রণ নিলেন, পণ করেছিলেন লম্বা ইনিংস খেলার। সেটা করেছেনও। সতীর্থ সাই সুদর্শনকে শুরুর দিকে হারালেও গুজরাটকে তা টের পেতে দেননি গিল। জশ বাটলারকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন। বাটলার যখন ঝড় তুলেছে গিল তখন অ্যাঙ্করিং রোলটা বেছে নিয়েছেন। আবার রান তোলার দরকার পড়লেই রান তোলার গতি বাড়াতেও কালক্ষেপণ করেননি।
৩৩ বলে ফিফটি এসেছে, তবে দলকে আরও শক্তপোক্ত অবস্থানে নিয়ে যাওয়ার সবরকম চেষ্টা করছেন গিল। শেষমেষ ১৮তম ওভারে এসে থেমেছে গিলের দাপট। তবে ফেরার আগে ৪৪ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন দলকে।

এর মধ্য দিয়েই অবশ্য দীর্ঘদিনের ফিফটি খরা কাটিয়েছেন গিল। ১৯ ইনিংস পর আবারও টি-টোয়েন্টিতে ব্যাটখানা উঁচিয়ে ধরার সুযোগ মিলেছে। তবে মজার ব্যাপার সর্বশেষ ফিফটি এসেছিল এই দিল্লির বিপক্ষেই গত বছরের আইপিএলে, এবার সেই দিল্লির বিপক্ষেই নিজেকে কলুষমুক্ত করলেন।
Share via:











