কাউন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই ঝড় তুলেছেন হাসান মাহমুদ। প্রথম ম্যাচে নয় উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতা এই বাংলাদেশি পেসার নিশ্চিত করেছেন, চলতি বছর আরও একবার কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে ফিরবেন তিনি।
প্রথম দফায় কাউন্টি মিশনে গিয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হাসান। কেন্টের হয়ে অভিষেক ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর তাণ্ডব চালিয়ে শিকার করেন ছয় উইকেট। দুই ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়ে দলের ১৪০ রানের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে আপাতত কেন্টের সঙ্গে তাঁর অধ্যায় দীর্ঘ হচ্ছে না। মিডলসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পরই জাতীয় দলের দায়িত্ব পালনে দেশে ফিরতে হবে তাঁকে। সামনে রয়েছে জিম্বাবুয়ে সফর, যেখানে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে।
তবে আবারও কাউন্টিতে ফিরতে চান হাসান। জাতীয় দলের দায়িত্ব শেষে আবারও ইংল্যান্ডের বিমান ধরবেন তিনি। ফেরার প্রশ্নে কেন্ট ক্রিকেট ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে ফিরে আসবেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সেপ্টেম্বরে ফিরে আসব এবং বাকি চারটি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলব।’

বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠা হাসানের জন্য কাউন্টি ক্রিকেটের এই অভিজ্ঞতা নিঃসন্দেহে বড় একটি অর্জন। ইংল্যান্ডের কন্ডিশনে লাল বলে খেলার সুযোগ তাঁকে আরও পরিণত করে তুলবে। আর অভিষেকেই নয় উইকেট নিয়ে তিনি যে বার্তা দিয়েছেন, তাতে সেপ্টেম্বরে কেন্টে ফেরার অপেক্ষায় থাকবেন ক্লাবটির সমর্থকরাও।










