বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বর্তমানে দেশের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। তবে নিজের ক্রিকেট যাত্রা, নেতৃত্বের দর্শন এবং অনুপ্রেরণার কথা বলতে গিয়ে এখনও সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন সাকিব আল হাসানের নামকেই।
প্রথম আলোর পডকাস্টে শান্ত জানিয়েছেন, ছোটবেলায় সাকিবকে দেখেই ক্রিকেটের প্রতি তার আগ্রহ তৈরি হয়। বাংলাদেশের মতো একটি দেশ থেকে উঠে এসে একজন ক্রিকেটার কীভাবে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হতে পারেন, সেটাই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। তাই একজন পূর্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে তার রোল মডেলও সাকিব।
শুধু খেলোয়াড় হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও সাকিবের প্রতি মুগ্ধতা রয়েছে শান্তর। আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যাপ্টেন্সি আইডল মহেন্দ্র সিং ধোনি হলেও, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের নেতৃত্বকেই অনুসরণ করার চেষ্টা করেন তিনি।

পডকাস্টে শান্ত আরও জানান, কঠিন সময়গুলোতে এখনও নিয়মিত সাকিবের সঙ্গে যোগাযোগ হয় তার। বিশেষ করে ক্রিকেটীয় বিষয় ও মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে সাকিবের পরামর্শ তাকে সাহায্য করে। অন্যদিকে ব্যাটিং নিয়ে সবচেয়ে বেশি মানসিক সহায়তা পেয়েছেন তামিম ইকবালের কাছ থেকে। এমনকি সর্বশেষ বিপিএলেও নিজের কিছু সমস্যা নিয়ে তামিমের সঙ্গে আলোচনা করেছিলেন বলে জানান তিনি।
সাক্ষাৎকারে উঠে এসেছে একটি বিশেষ স্মৃতিও। তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক হওয়ার সময় শান্তর ইচ্ছা ছিল, নেতৃত্বের প্রতীক সেই ক্যাপটি যেন তিনি সাকিব আল হাসানের হাত থেকেই গ্রহণ করতে পারেন। কাকতালীয়ভাবে সেটিই ঘটেছিল। শান্তের মতে, ক্রিকেট মাঠে তার সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি হলো সাকিবের কাছ থেকে সেই ক্যাপ গ্রহণ করা।
বাংলাদেশ ক্রিকেটে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠিত হলেও শান্তর কথায় স্পষ্ট, তার ক্রিকেট-দর্শন ও মানসিকতার পেছনে এখনও সবচেয়ে বড় প্রভাবক সাকিব আল হাসানই।











