এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলাম বেশ ঘটা করেই চমক দেখিয়েছে। কাউকে মাত্রাধিক চড়া মূল্যে ঘরে তুলেছে দলগুলো, কাউকে একেবারেই উপেক্ষা করা হয়েছে। সেই উপেক্ষিত তালিকায় আছে চমকপ্রদ সব নাম। চলুন দেখা নেওয়া, বিপিএলে দল না পাওয়া চার অভাগা দেশি ক্রিকেটারকে।
সবচেয়ে অবাক করা নামটা বোধহয় মাহফুজুর রহমান রাব্বি। সাকিব আল হাসান যুগের পর তাঁকে ভাবা হচ্ছিল পরবর্তী বড় নাম। তবে সেই নামের প্রতি গেল বিপিএলে সুবিচার করতে পারেননি। অবশ্য সেই সুযোগটা তিনি পাননি। খুলনা টাইগার্সের হয়ে এক ম্যাচ খেলে বল হাতে দিয়েছিলেন এক ওভারে ২৭ রান, আর ব্যাটে করেছিলেন মাত্র দুই। এরপর আর খেলার সুযোগ হয়নি, এবার তো দলই পাননি।

কপাল পুড়েছে মুনিম শাহরিয়ারেরও। ২০২১-২২ বিপিএলে বরিশালের হয়ে ব্যাট হাতে ইনিংসের ঝড়ো শুরু এনে দেওয়ায় দ্রুত চলে আসেন লাইমলাইটে। এমনকি সে সময় ধুঁকতে থাকা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের ওপেনিংয়েও দেখা যায় তাঁকে। তবে সুযোগের সঠিক ব্যবহার তিনি করতে পারেননি। ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েন দল থেকে। এরপর বিপিএলেও ফিরতে পারেননি স্বরূপে। গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে করেছেন ৬৪ রান। এবার তাই কেউ তাঁকে দলে ভেড়ায়নি।
শেখ পারভেজ জীবনের না থাকাটা অবাক করেছে কিছুটা। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করা যুব দলের তারকা প্রতিনিয়তই নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন বল হাতে। তবে কোনো দলই নিলামে তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। চিটাগং কিংসের সাথে গেল আসরে ছিলেন বটে, তবে ম্যাচ খেলার সুযোগ পাননি। এবার তো কেউ তাঁকে নিয়ে আগ্রহই দেখায়নি।

শেষ নামটা আমিনুল ইসলাম বিপ্লব। লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ ক্রিকেটে যার আগমনটা একসময় ভাবা হচ্ছিল আশীর্বাদের মতো, তিনিই এখন নেই কোনো শিরোনামে। এমনকি ঘরোয়া লিগেও এখন উপেক্ষিত তিনি। নিলামের মঞ্চে বিপিএলের দলগুলো তাই এড়িয়ে গেছে তাঁকেও।
Share via:











