সুরিয়া-সিরাজরা জয় এনে দিলেও ভারত শিবিরে জেগেছে প্রশ্ন

এদফা অবশ্য অধিনায়ক সুরিয়াকুমার যাদব বাঁচিয়েছেন দলকে। কিন্তু যুক্তরাষ্ট্র প্রশ্নের উদ্রেক ঘটাতে অন্তত পেরেছে ভারত শিবিরে।

ক্ষণিকের ভয় সড়িয়ে জয় দিয়েই শুরু ভারতের বিশ্বকাপ যাত্রা। যুক্তরাষ্ট্রকে ২৯ রানে হারিয়ে শুরু হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শিরোপার পাণে পদযাত্রা। এদফা অবশ্য অধিনায়ক সুরিয়াকুমার যাদব বাঁচিয়েছেন দলকে। কিন্তু যুক্তরাষ্ট্র প্রশ্নের উদ্রেক ঘটাতে অন্তত পেরেছে ভারত শিবিরে।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে যুক্তরাষ্ট্রে বোলিংয়ের সিদ্ধান্ত। আলী খান শূন্যরানে ফেরান অভিষেক শর্মাকে। এরপর ভারত শিবিরে ভয় ধরান মূলত শ্যাডলি ভ্যান স্ক্যালকউইক। এক ওভারে তিনি তুলে নেন তিন উইকেট। মুহূর্তের মধ্যেই ভারতের আগ্রাসী ব্যাটিংয়ের স্তম্ভ ধূলিসাৎ। ব্যর্থ হন রিঙ্কু সিং ও হার্দিক পান্ডিয়াও।

কিন্তু অবিচল ভঙ্গিমায় যোগ্য সেনাপতির ন্যায় দলের সংগ্রহ গড়ার কাজটা করে যান সুরিয়াকুমার যাদব। তার ৪৯ বলে ৮৩ রানের ইনিংসটিতে একাধারে ছিল ধৈর্য্য ও আগ্রাসনের সংমিশ্রণ। তাতে করে ১৬১ জমা হয় ভারতের স্কোরবোর্ডে। এই রানটাই তাদের জন্য ছিল যথেষ্ট। তবে তার জন্য শুরুতেই যুক্তরাষ্ট্রের ব্যাটারদের উইকেট তুলে নিতে হতো।

সে কাজটাতে আর্শদ্বীপ সিংয়ের সাথে জুটি বাঁধলেন মোহাম্মদ সিরাজ। ১৩ রানেই নেই যুক্তরাষ্ট্রে তিন উইকেট। সেই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য যুক্তরাষ্ট্র শিবিরে ছিল এক সুরিয়াকুমারের অভাব। সেই অভাবের সংসারে ভারতীয় বোলাররা তৈরি করেছেন একের পর এক সংকট। তাতে করে ১৩২ অবধি পৌঁছায় যুক্তরাষ্ট্রের সংগ্রহ।

জয় তবুও পেয়েছে ভারত। কিন্তু তাদের মিডল অর্ডারের ব্যর্থতা মেলেছে সংশয়ের ডালপালা। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে এমনটি ঘটলে বিপাকে পড়বে তাদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন। পরিত্রাণের হিসেব-নিকেশ এখন ভারতের মূল ছকের অংশ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link