হংকং সিক্সেসে অভিজ্ঞ ভারতের ভরাডুবি

পাকিস্তানের বিপক্ষে এক ওভারে ৬ ছক্কা হজমের পরদিনই ভারতকে হারিয়ে ইয়াসিন যেন নতুন করে জন্ম নিলেন। 

হংকং সিক্সেসে অভিজ্ঞ ভারত বিপর্যস্ত হল, অন্যদিকে ইয়াসিন প্যাটেলের ঝড়ে কুয়েতের চমক। তাঁরা হারিয়ে দিল ভারতকে। ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞ মুখ দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, অভিমন্যু মিঠুনদের নিয়ে গড়া দলটির এমন পরিণতি হবে কে ভেবেছিল।

শাপমোচন বুঝি একেই বলে! একদিন আগেই পাকিস্তানের বিপক্ষে এক ওভারে ৩৮ রান খরচ করে সমালোচনার মুখে পড়েছিলেন কুয়েতের অধিনায়ক ইয়াসিন প্যাটেল। সেই বাঁহাতি স্পিনারই পরের দিন হয়ে উঠলেন নায়ক—ব্যাট হাতে ঝড় তুলে ও বল হাতে ভারতকে গুঁড়িয়ে দিয়ে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ৬ ওভারে ৫ উইকেটে ১০৬ রান তোলে কুয়েত। শুরুটা করেন বিলাল তাহির, ৯ বলে ২৫ রান। তবে আসল ঝড় তোলেন ইয়াসিন প্যাটেল—মাত্র ১৪ বলে অপরাজিত ৫৮ রান! ভারতের অধিনায়ক দীনেশ কার্তিকের এক ওভারেই মারেন ২৩ রান, আর শেষ ওভারে প্রিয়াঙ্ক পঞ্চলকে তুলোধোনা করে হাঁকান টানা পাঁচ ছক্কা। ওভারে ওঠে ৩২ রান।

১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে ভারত। প্রথম ওভারেই রবিন উথাপ্পা ও দীনেশ কার্তিককে ফিরিয়ে দেন ইয়াসিন। তাঁর ঘূর্ণিতে জড়িয়ে ৫.৪ ওভারে ৭৯ রানে অলআউট হয় ভারত। তিন উইকেট নিয়ে ইয়াসিন প্যাটেল আবারও আলোচনায়, এবার ইতিবাচক ভূমিকায়।

ভারতের ব্যাটারদের মধ্যে অভিমন্যু মিঠুন ৯ বলে ২৬, শাহবাজ নাদিম ৮ বলে ১৯ ও প্রিয়াঙ্ক পঞ্চল ১০ বলে ১৭ রান করেন। কিন্তু দলীয় ব্যর্থতায় লাভ হয়নি কোনো ব্যক্তিগত ঝলকেরই।

পুল ‘সি’-তে পাকিস্তান ও কুয়েতের সঙ্গে থাকা ভারত দুই ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে নেমে গেছে। ফলে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টের মূল প্রতিযোগিতা থেকেই বিদায় নিতে হলো কার্তিকদের। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে এক ওভারে ৬ ছক্কা হজমের পরদিনই ভারতকে হারিয়ে ইয়াসিন যেন নতুন করে জন্ম নিলেন।

Share via
Copy link