চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের উত্তেজনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সুপার এইট।পাল্লেকেলেতে আয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় নির্ধারিত হয়ে গেল স্বাগতিক ভারতের পরবর্তী যাত্রাপথ।
বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে এবার ভারতকে লড়তে হবে গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং উড়তে থাকা দল জিম্বাবুয়ের সাথে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সুরিয়াকুমার যাদবদের সুপার এইট যাত্রা।

প্রথম ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রোটিয়া বাহিনীর বিপক্ষে মাঠে নামবে ভারত। গ্রুপ পর্বে দুই দলই এখন অবধি একটি ম্যাচও হারেনি। গ্রুপ এক-এ নিশ্চিতভাবেই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হতে যাচ্ছে এই ম্যাচটিতেই।
২৬ ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ধীর উইকেটে জিম্বাবুয়ের মুখোমুখি হবে অভিষেক-ইশানরা। অস্ট্রেলিয়ার মত দলকে হারিয়ে সুপার আটে জায়গা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে নতুন মাসের প্রথম দিবসেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ইংল্যান্ড, নেপাল ও স্কটল্যান্ডকে হারিয়ে আসরে ইতোমধ্যেই নিজেদের ক্যারিবীয় শক্তির জানান দিয়েছে উইন্ডিজ।











