গত আসরে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরুর গল্প লিখলেন সাই সুদর্শন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটটাকে চওড়া বানিয়ে শাসন করলেন বাইশ গজে। ৭৩ রানের ইনিংস একটা স্টেটমেন্ট, সুদর্শন এক আসরের বিস্ময় নয়, সে রাজত্ব করতে করতে এসেছে।
২১১ রানের লক্ষ্য সামনে দাঁড়িয়ে। সুদর্শনের হাত ধরেই তাড়া করার শুরুটা হলো। দায়িত্ব নিতে হতো, সুদর্শন সেটা নিয়েছেন, ২০০-এর বেশি রান তাড়া করতে হলে শুরুতে যা করা লাগে সেটা শতভাগ করেছেন তিনি।

রানের গতি বজায় রাখা, একপ্রান্তে উইকেট আগলে ধরা, সবকিছুই সুদর্শন সামলেছেন ব্যাটটাকে সঙ্গী করে। শেষমেষ যখন থেমেছেন দলের রান ১০৭। নিজের ব্যক্তিগত খাতায় তুলেছেন ৪৪ বলে ৭৩ রানের এক অনবদ্য ইনিংস।
তবে এই ধারার শুরুটা হয়েছিল ২০২৫ আসরেই। ৭৫৯ রান করা সুদর্শনের নামের পাশে জুড়েছিল সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা। এখন সেই অপার সম্ভাবনার বীজ পরিণত হয়েছে সুমিষ্ট ফলে। প্রথম ম্যাচে ১৩ রানে ফিরলেও দ্বিতীয় ম্যাচেই উঠে দাঁড়িয়েছেন, তুলে নিয়েছেন বড় সংগ্রহ।

তবে দিনশেষে তার এই অসীম চেষ্টা বিফলেই গেছে। জয়ের একেবারে দ্বারপ্রান্তে গিয়েও পুড়তে হয়েছে ছয় রানের আক্ষেপে। স্কোরকার্ড দেখে হয়তো মনের ভেতরে তীব্র দহন হবে সুদর্শন, তবে তাঁর কাজ তিনি করেছেন, নামের মতোই সুদর্শন এক ইনিংস উপহার দিয়ে।
Share via:










